ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী
চাওয়া-পাওয়ার ব্যবধান বেশি বলে এমপিও নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে
নিয়ম-নীতি অনুসরণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতনের সরকারি অংশ) করার চেষ্টা করা হয়েছে। আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাত শতাংশের মধ্যে ছয় শতাংশ বাদ পড়ায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, এটা অস্বাভাবিক নয়। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে যোগ্য হলেও সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব ছিল না।এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পর সংবাদমাধ্যমের বিভিন্ন সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেছেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বক্তব্য দেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এই প্রথম একটি নীতিমালা তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। তবে আগে থেকে সৃষ্ট বৈষম্য ঘোচাতে কিছু জেলা বা গ্রাম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান তুলনামূলকভাবে বেশি এমপিওভুক্ত হয়েছে। মন্ত্রী বলেন, এমপিওভুক্তির সঙ্গে মন্ত্রণালয় পর্যায়ে কোনো দুর্নীতি বা আর্থিক লেনদেন হয়নি। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো জনপ্রতিনিধি টাকা নিয়ে থাকলেও যাঁরা টাকা দিয়েছেন এবং নিয়েছেন উভয়ই অন্যায় করেছেন। এখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। তবে কেউ টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে মন্ত্রণালয় তার পাশে দাঁড়াবে।ব্রিফিংয়ে মন্ত্রী রাজশাহীসহ কিছু জেলায় প্রাপ্যতার চেয়ে বেশিসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় প্রাপ্যতার চেয়ে কম শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরিসংখ্যান তুলে ধরেন। মন্ত্রী ভবিষ্যতে নিয়মিত এমপিওভুক্তি বহাল রাখার কথা বলেন। গত প্রায় সাত বছর এমপিওভুক্তি বন্ধ থাকায় প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যপক ব্যবধান হয়েছে বলে তিনি জানান।এমপিওভুক্তি নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রবীণ একজন সাংবাদিকের অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, বাছাই প্রক্রিয়ায় কিছু ত্রুটি হতে পারে বা নীতিমালার কারণে বেশি যোগ্য প্রতিষ্ঠানের চেয়ে কম যোগ্য প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারে। কিন্তু তাই বলে এমপিও বিক্রি হয়নি। ওই সাংবাদিক ভুল বুঝেছেন বলে মন্ত্রী মনে করেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রথম তালিকায় জয়পুরহাটের একটি প্রতিষ্ঠানেরও নাম ছিল না। পরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।সাংবাদিকেরা জানতে চান, অনগ্রসর চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম স্থানীয় সাংসদ পাঠালেও একটিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ওই এলাকার সাংসদ আবদুল্লাহ আল ইসলামের সঙ্গে তাঁর এ বিষয়ে কথা হয়েছে এবং পরে অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্যতা বিবেচনা করে চরাঞ্চলের কয়েকটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।ব্রিফিংয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ বলেন, নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী চলতি অর্থবছরের বাজেট থেকে যাতে বরাদ্দ পান, সে জন্য অল্প সময়ের মধ্যে সব তথ্য চাওয়া হয়েছে। তবে কারও কোনো ঘাটতি বা সমস্যা থাকলে তা অধিদপ্তর সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে।শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।