চাকমা রাজার বাসভবন আগুনে পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে চাকমার রাজার বাসভবন গতকাল বুধবার আগুনে পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। রাজা দেবাশীষ রায়ের খালাতো ভাই বিটু চাকমা জানান, তাঁর বাড়ি থেকে রাজার বাড়ি ৬০০ গজ দূরে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজবাড়ী থেকে আগুনের শিখা উঠতে দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তখন বাড়িতে ঢোকার কোনো উপায় ছিল না। আগুনে বাড়ির সবকিছু পুড়ে গেছে। তিনি জানান, এ সময় বাড়িতে রাজার পরিবারের কেউ ছিলেন না। চাকমা রাজা দেবাশীষ রায়ের ঘনিষ্ঠ আত্মীয় প্রতীম রায় জানান, বাড়িটি ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের পর তৈরি করা হয়। হ্রদের পানিতে রাজার পুরোনো বাড়িটি ডুবে যাওয়ার পর অস্থায়ীভাবে এ বাড়িটি নির্মাণ করা হয়েছিল। শহরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাজদ্বীপ এলাকায় বাড়িটি অবস্থিত। জানা গেছে, ঘটনার পর দমকল ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় ঘাটে আটকে যান। প্রায় আধা ঘণ্টা পর তাঁরা নৌকাযোগে রাজদ্বীপ এলাকা পার হতে সমর্থ হন। আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়দের একাধিক বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ বলেন, এম এন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটি স্টেডিয়াম এলাকা থেকে ওড়ানো ফানুস রাজার বাড়ির ছাদের ওপর পড়ে আগুন লেগেছে। আবার কেউ কেউ বলছেন, রান্নাঘরের চূলা অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুলিশ সুপার মাসুদ উল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।