চাকমা রাজার বাড়ি পোড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠিত
রাঙামাটিতে চাকমা রাজা দেবাশীষ রায়ের বাড়িতে আগুন লাগার বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। আগুন লাগার ঘটনা তদন্তে গঠিত কমিটি আজ সকাল থেকে কাজ শুরু করেছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নুরুল আলম চৌধুরী জানান, তাঁরা এ পর্যন্ত পাঁচজনের সঙ্গে কথা বলেছেন। আরও কয়েকজনের সঙ্গে কথা বলবেন। তদন্ত কমিটির মেয়াদ তিন কার্যদিবস। আগামী সোমবার এ কমিটির মেয়াদ শেষ হবে বলে তিনি জানান। গতকাল সন্ধ্যায় চাকমা রাজা দেবাশীষ রায়ের বাড়িটি আগুনে পুড়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজা দেবাশীষ রায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক সভায় যোগ দিতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও সেনাবাহিনীর রাঙামাটি আঞ্চলিক সদর দপ্তরের অধিনায়ক আজ সকালে চাকমা রাজার পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন।রাজার সহকারী সুব্রত চাকমা জানান, রাজার বাড়ি পুড়ে যাওয়ায় ১০০ থেকে ১৫০ বছর বা তারও বেশি পুরোনো দলিল দস্তাবেজ, রানি কালিন্দীর সময়ে ব্যবহূত হাতির দাঁতের চেয়ার, বিভিন্ন রাজা ও রানির ব্যবহূত পোশাক, স্বর্ণ মেশানো তলোয়ার, মূল্যবান আসবাবপত্র ও বাদ্যযন্ত্র পুড়ে গেছে। এ ছাড়াও সাম্প্রতিক বিভিন্ন নথিও পুড়ে গেছে বলে তিনি জানান। এদিকে রাঙামাটির দমকল স্টেশেনের কর্মকর্তা অতীশ চাকমা জানান, রাজার বাড়িতে বহু মূল্যবান জিনিসপত্র থাকার সম্ভাবনা রয়েছে। তাই দেবাশীষ রায় এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা না বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। এ ছাড়া এ বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।