চাকরি খুঁজতে গিয়ে হতাশা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহেল স্নাতকোত্তর পাস করেছেন প্রায় বছর দেড়-দুই হবে। ফলাফলও ভালো। চাকরি পাওয়ার চেষ্টায়ও কোনো কমতি নেই তাঁর। আজ এ প্রতিষ্ঠান তো, কাল ওই প্রতিষ্ঠানে ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিয়ে চলেছেন। কিন্তু তেমন সাড়া পান না, পেলেও যোগ্যতা ও পছন্দ অনুযায়ী চাকরি হচ্ছে না। পরিবার ও নিজের কথা ভেবে প্রায়শই তিনি হতাশ হয়ে পড়েন। সমাজে এ রকম হাজারো সোহেল রয়েছেন, যাঁরা প্রতিনিয়ত এ ধরনের সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তবে মনে রাখা দরকার যে হতাশ ও অধৈর্য হয়ে পড়লে চলবে না। কারণ এ দুটো আপনাকে কোনো সমাধান বা লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে না, বরং অনেকখানি পিছিয়ে দেবে। সেজন্য নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে হলে হতাশা ও দুর্ভাবনা ঝেড়ে ফেলতে হবে। সাফল্য পেতে সময় লাগতেই পারে, তবু হাল ছাড়লে হবে না। বরং নতুন মনোবল নিয়ে আবার কাজে নেমে পড়ুন। সাফল্য আসবেই।এ বিষয়ে প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা শৈবাল কানুনগো জানান, নিচের বিষয়গুলো খেয়াল রাখলে সমস্যার পুরোপরি সমাধান না হলেও মোটামুটি সফলতার উপায় খুঁজে পাওয়া যেতে পারে।আত্মবিশ্বাস: আত্মবিশ্বাসকে বলা হয় মানুষকে সামনে এগিয়ে নেওয়ার মূলমন্ত্র। নিজের ও কাজের প্রতি বিশ্বাস রাখুন। সবকিছু সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন। ‘আমি পারব’—এই আত্মবিশ্বাস সাফল্যের অন্যতম চাবিকাঠি। তবে বুঝেশুনে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।সময়ের ব্যবহার: সময় ও স্রোত কখনো কারও জন্য অপেক্ষা করে না— এই ধ্রুব সত্যিটা মাথায় রেখে সময়কে যথাযথ ব্যবহার করার চেষ্টা করুন। আজকের কাজ আগামীকালের জন্য কখনোই ফেলে রাখবেন না। মনে রাখতে হবে, সময়-ব্যবস্থাপনা ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়।পড়াশোনা: পড়াশোনা করার যেমন বয়স নেই, তেমনি শেখারও শেষ নেই। সুতরাং, সময়-সুযোগ বুঝে আপনার প্রয়োজনীয় বিষয়ে পড়াশোনা এবং সময়ের সঙ্গে নিজেকে ভবিষ্যতের জন্য পরিপূর্ণভাবে তৈরি করুন। এগিয়ে রাখতে একাডেমিক পড়াশোনার সঙ্গে পেশাগত ডিগ্রি থাকা ভালো।পরিকল্পনা: একটি সুষ্ঠু পরিকল্পনা ও তার বাস্তবায়নে অনেক কঠিন কাজ অল্প সময়ে সমাধান দেওয়া অসম্ভব কিছু না। তাই আমাদের কাজের সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা তৈরি করতে হবে। যদি সফল হতে চান, পরিকল্পনা অনুযায়ী কর্মতৎপরতাও থাকা জরুরি।সুসম্পর্ক তৈরি: সুসম্পর্কের ওপরই গড়ে ওঠে সাফল্যের সিঁড়ি। পাওয়া যায় সময়োপযোগী সহযোগিতা। পরিবার, বন্ধুবান্ধাব, সহকর্মী ও পরিচিত অন্যেদের সঙ্গে গড়ে তুলুন সুসম্পর্ক। আপনার সাধ্য অনুযায়ী আপনিও সবার প্রতি বাড়িয়ে দিন সহযোগিতার হাত।অবসরে করণীয়: কাজের পাশাপাশি মনকে প্রফুল্ল রাখাও জরুরি। অন্যথায় আপনার অজান্তেই কাজের গতি ও মনোযোগ দুটোই পিছিয়ে পড়বে। তাই সময় অনুযায়ী বেড়িয়ে আসতে পারেন পছন্দের জায়গা থেকে। শুধু তা-ই নয়, এটি আপনার জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। শুনতে পারেন পছন্দের গান বা পড়তে পারেন বই। এ ছাড়া আত্মীয় বা ঘনিষ্ঠ কোনো বন্ধুর বাসা থেকেও ঘুরে আসতে পারেন।নিজের প্রতি যত্ন: স্বাস্থ্য সব সুখের মূল। শরীর ভালো না থাকলে মনকে শত চেষ্টা করেও ভালো রাখা সম্ভব নয়। তাই আপনার নিয়মিত খাওয়া-দাওয়া, পরিমাণমতো ঘুম ও বিশ্রাম সবকিছুই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে পরিকল্পনা অনুসারে কোনো কাজই শেষ করা সম্ভব হয় না। বাদ যায় না যেন পরিবারের দিকটাও।আত্মসমালোচনা: রাতে ঘুমানোর আগে নিজের সমালোচনা করুন—কোন কাজটি ঠিক করেছেন বা করেননি। এতে করে আপনার ভুল ধরতে এবং সংশোধন করতে অনেক সহজ হবে।