চাকরি খোঁজার আছে যে উপায়
সাইদুল ইসলাম পড়াশোনা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এখন চাকরি খোঁজার পালা। পড়াশোনা শেষ। একটা চাকরি তো চাই, চাই-ই। তাঁর কাছে প্রশ্ন—কীভাবে চাকরি খুঁজছেন? সোজা উত্তর, ‘প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি খুঁজি। জুতসই হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত নির্দিষ্ট খামে ভরে ডাকে অথবা সরাসরি গিয়ে জমা দিয়ে আসি।’ শুধু সাইদুল ইসলাম নন, তাঁর মতো অনেক শিক্ষিত তরুণ-তরুণী যাঁরা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে চাকরির অপেক্ষায় আছেন, তাঁদের বেশির ভাগই সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন দেখেন।কিন্তু পাল্টে গেছে সময়। দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগে গড়ে উঠেছে অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান।বহুজাতিক প্রতিষ্ঠানেও কাজের সুযোগ বেড়েছে। তথ্যপ্রযুক্তির প্রসার ঘটায় গত কয়েক বছরে সংবাদপত্রের পাশাপাশি ইন্টারনেট হয়ে উঠেছে চাকরি খোঁজার বড় একটা মাধ্যম। দেশে বেশ কিছু চাকরির ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল রয়েছে। এসব পোর্টালে চাকরি খোঁজা যায় সহজেই। আবার অনেক করপোরেট প্রতিষ্ঠান, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা নিজস্ব ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে।ইন্টারনেটের মাধ্যমেই আবেদন করা যায়। চাকরির ওয়েব পোর্টালগুলোতে নিজের জীবনবৃত্তান্ত রাখার সুবিধাও থাকে। ফলে চাকরিদাতারাও যোগ্য প্রার্থীর সন্ধান করেন এসব পোর্টালে। চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন বলেন, ‘ব্যাংক, মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানসহ সরাসরি বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে ওঠায় বাংলাদেশের চাকরির বাজার অনেক এগিয়ে গেছে। চাকরি পাওয়ার মাধ্যম হিসেবেও অনেক পদ্ধতি চলে এসেছে।’ তাই চাকরি খোঁজার জন্য সনাতন কোনো পদ্ধতি ধরে চললে হবে না। আপনাকে চাকরি নামক সোনার হরিণটি ধরতে বিভিন্ন মাধ্যমে এগিয়ে যেতে হবে।নানা মাধ্যম নানা উপায়চাকরিদাতা প্রতিষ্ঠানের দরকার দক্ষ, যোগ্য ও মেধাবী প্রার্থী। আর প্রার্থীর দরকার চাকরি। দুই পক্ষেরই একে অপরকে দরকার। চাকরির খোঁজ মিলছে এখন নানা মাধ্যমে।এই সময়ে চাকরি খোঁজার প্রচলিত মাধ্যমগুলো হচ্ছে পত্রপত্রিকার বিজ্ঞাপন, চাকরির পত্রিকা, ইন্টারনেটে চাকরির ওয়েব পোর্টাল, করপোরেট বা বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট, পেশা মেলা, ব্যক্তিগত যোগাযোগ, মানবসম্পদ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংগঠন, গণমাধ্যমগুলোর পেশাবিষয়ক ফিচার পাতা বা অনুষ্ঠান এবং প্রচারপত্র। পত্রপত্রিকার বিজ্ঞাপনচাকরি খোঁজার ক্ষেত্রে জাতীয় দৈনিক পত্রিকা অনেক গুরুত্বপূর্ণ। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে দেশের জাতীয় পত্রিকাগুলোয় বিজ্ঞাপন দিয়ে থাকে। সরকারি, বেসরকারি, বহুজাতিক ও বিদেশি উন্নয়ন সংস্থাসহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠানই স্থানীয় নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশকরে থাকে। প্রতিদিন সব পত্রিকা তো আর পড়া সম্ভব নয়, তাই চেষ্টা করবেন শীর্ষস্থানীয় তিন-চারটি পত্রিকার চাকরির বিজ্ঞাপন প্রতিদিন দেখার। চাকরির পত্রিকাবেকারত্বের সমস্যা এ দেশে রয়েছে এখনো। তাই চাকরিপ্রাথীদের চাকরি খোঁজাটা সহজ করে দিতে বর্তমানে বের হয় কয়েকটি চাকরির পত্রিকা। এসব পত্রিকায় শুধুই চাকরির বিজ্ঞপ্তি ছাপা হয়। চাকরির পত্রিকাগুলো প্রতি শুক্রবার বের হয়।চাকরির ওয়েব পোর্টালচাকরির মাধ্যম হিসেবে চাকরির ওয়েব পোর্টাল বর্তমানে অনেক ব্যবহূত একটা মাধ্যম। রিয়াদ হোসেন বলেন, ‘২০০০ সালে বাংলাদেশেচাকরির ওয়েব পোর্টাল শৌখিনভাবে যাত্রা শুরু করলেও বর্তমানে এগুলো চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থী উভয়ের কাছে জনপ্রিয়।’ তিনি জানান, ‘এসব ওয়েব পোর্টালে চাকরির খবরগুলো ব্যবহারকারীরা দুভাবে পেতে পারেন।এক. শ্রেণীবদ্ধ চাকরি (ক্যাটাগরি জব), দুই. হট জবস/স্পট লাইট জব, শ্রেণীভিত্তিক চাকরিতে বিভিন্ন পেশাকে আলাদা করে কেবল সেই পেশার চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। যেমন—আপনি যদি প্রশাসনিক চাকরি খোঁজেন তাহলে অ্যাডমিনে ক্লিক করে ভেতরে ঢুকতে হবে, সেখানে সংশ্লিষ্ট সব বিজ্ঞাপন থাকবে। আর স্পট লাইট চাকরির ক্ষেত্রে ওয়েব পোর্টালের প্রথম পৃষ্ঠায় বিভিন্ন প্রতিষ্ঠানের লোগোসহ নাম দিয়ে সংযুক্ত করা থাকে ওদের চাকরির ওয়েবসাইট অথবা নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে। তবে কোনো ওয়েব পোর্টাল আপনি ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে বিনা খরচে অ্যাকাউন্ট খুলে নিতে হবে।’ করপোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইটবড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর রয়েছে নিজস্ব সমৃদ্ধ ওয়েবসাইট। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে প্রায় সব প্রতিষ্ঠানই নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে। তাই তাদের যখন লোকবল দরকার পড়ে, তারা অন্যান্য মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি নিজেদের ওয়েবসাইটে তা প্রকাশ করে থাকে। সেখানেও আপনি সরাসরি আবেদন করতে পারবেন। অনেক করপোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেকোনো সময় প্রতিষ্ঠানটির কোনো পদে যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। আবেদন করলে আপনাকে একটি নম্বর দেওয়া হবে; যেটা সংরক্ষণ করবেন। চাকরির মাধ্যম হিসেবে কোম্পানির ওয়েসবসাইটও বর্তমানে বেশ জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে।পেশা মেলানিজের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসেই চাকরির আবেদন করার সুযোগও বর্তমানে অসম্ভব নয়। অল্প কিছুদিন হলেও দেশে পেশা মেলা (ক্যারিয়ার ফেয়ার) জনপ্রিয় হয়ে উঠছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব স্নাতকদের জন্য বিশেষ সুযোগ দিতে বড় বড় চাকরিদাতা প্রতিষ্ঠানের সমন্বয়ে আয়োজন করে এসব পেশা মেলার। যার মাধ্যমে আপনি সরাসরি চাকরিদাতার হাতে জীবনবৃত্তান্ত পৌঁছে দিতে পারেন। এসব মেলা যে শুধু আয়োজনকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ তা নয়, যে কেউ এর মাধ্যমে আবেদন করতে পারেন। অনেক অনুষ্ঠান ব্যবস্থাপনা সংগঠনও পেশা মেলার আয়োজন করে থাকে।ব্যক্তিগত যোগাযোগচাকরি খোঁজার ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত যোগাযোগ সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের বিশ্ববিদ্যালয়ের পেশা-সংশ্লিষ্ট বিভাগে, বিভাগের শিক্ষকমণ্ডলী, অগ্রজপ্রতিম সতীর্থ, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনসহ পরিচিতজনদের মাধ্যমে চাকরির খোঁজ পেতে পারেন আপনি। এ জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রয়োজনে আগেই জীবনবৃত্তান্ত দিয়ে রাখতে পারেন।রেডিও-টেলিভিশনের অনুষ্ঠানবর্তমানে বিভিন্ন রেডিও-টেলিভিশন তাদের নিজেদের উদ্যোগে পেশা-সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এসব অনুষ্ঠানের মাধ্যমে আপনি পেশা-সম্পৃক্ত নানা নির্দেশনা যেমন পাবেন, তেমনি পেতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর ও তার আবেদন-প্রক্রিয়াসংক্রান্ত তথ্য। তাই আপনি এসব অনুষ্ঠান নিয়মিত দেখতে পারেন।মানবসম্পদ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানউচ্চ বা জ্যেষ্ঠ স্তরের চাকরি খুঁজতে আপনি যোগাযোগ করতে পারেন মানবসম্পদ-সংশিষ্ট প্রতিষ্ঠানে।হেড হান্টার বা মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে এসব পরিচিত।বর্তমানে বাংলাদেশে এমন ১২ থেকে ১৫টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে আপনি আপনার জীবনবৃত্তান্ত দিতে পারেন। তবে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণত মধ্যম বা উচ্চপর্যায়ের চাকরি হয়। প্রারম্ভিক পর্যায়ের (এন্ট্রি লেভেল) চাকরির ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান খুব বেশি সহায়তা করতে না-ও পারে।বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনারই একটা অংশ হচ্ছে শিক্ষানবিশি। স্নাতক বা স্নাতকোত্তর উভয় পর্বের শিক্ষার্থীদের জন্য এটা খুবই জরুরি। সাধারণত বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার শেষ পর্যায়ে এসে কোনো প্রতিষ্ঠানে শিক্ষানবিশি করতে হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আপনাকে সহযোগিতা করে। এ সময় আপনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন, ভালো দক্ষতা দেখাতে পারলে সেখানেই আপনার ভাগ্য খুলে যেতে পারে। ব্র্যাক ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান তাহিনয়্যাত আহমেদ করিম বলেন, ‘যাঁরা ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানগুলোয় শিক্ষানবিশি করেন, পরবর্তী সময়ে সেসব জায়গায় শূন্যপদ থাকলে শিক্ষানবিশেরা নিয়োগ পাওয়ার সুযোগ পেতে পারেন।তাঁরা অগ্রাধিকার পান। এ ক্ষেত্রে প্রার্থীদের অন্যদের মতো লিখিত পরীক্ষা না-ও দিতে হতে পারে। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেও নিয়োগ হতে পারে।’চাকরি খোঁজার কয়েকটি ওয়েব পোর্টালwww.prothom-alojobs.com www.bdjobs.com www.jobsstreet.com www.chakri.com.bd www.jobsA1.comwww.aiminlife.com www.jobsbangla.com www.jobsbangladesh.com www.deshijob.com www.alljobsbd.com www.jobsdairy.com www.jobsazz.com www. jobsbd.comwww.grameenjobs.com www.telejobsbd.comদেশে বাড়ছে বিনিয়োগ, বাড়ছে ব্যবসা-বাণিজ্য। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। নিয়োগ পাচ্ছে নতুন নতুন লোকবল। তাই আপনাকে বিভিন্ন মাধ্যমে খুঁজতে হবে চাকরি। কারণ চাকরিদাতারা তাঁদের লোকবল নিয়োগদানে বিভিন্ন পদ্ধতি বেছে নিতে পারেন।