চাকরি পেলেন, এবার এগিয়ে যাওয়ার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি পাওয়া মানেই শেষ নয়, পেশাজীবনের শুরু। অনেকটা হিসাবে কষেই প্রচেষ্টার আরেকটা ধাপের শুরু হতে হবে এখান থেকে। নতুন কাজ আর নতুন চারপাশে প্রথম চ্যালেঞ্জ কর্মক্ষেত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। চাকরি পাওয়া কঠিন, সেই চাকরির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া কিংবা নিজের পেশাগত অবস্থান পোক্ত করাটাও সহজ নয়। আর যদি হয়প্রথম চাকরি, তবে তো কথাই নেই। পুরোপুরি ভিন্ন এক জগতে তখন এগিয়ে নিতে হয় নিজেকে। আর এ কাজটি যাঁরা পারেন, সফলতার পথটাও চেনা হয় তাঁদের। কর্মক্ষেত্রে শুরু থেকেই চিন্তা, কথা ও কাজে সাবধানী হতে হবে; অনেক ক্ষেত্রে কৌশলী। নতুন চারপাশসম্পূর্ণ আলাদা এক জগত্ যেন। প্রথম চাকরির বেলায় কর্মক্ষেত্রের অনেক কিছুতেই খটকা লাগে, মনে হয় যেন বেমানান। এ সম্পর্কে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বছরখানেক আগে চাকরি নেওয়া একজন ম্যানেজমেন্ট ট্রেইনি বলেন, ‘নতুন কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় চারপাশের মানুষজনকে ঘিরে। শুরুতে কাউকেই কাছের মনে হয় না। মনে হয়, সবাই যেন একটু অতিমাত্রায় পেশাদার। আর এখানকার পারস্পরিক সম্পর্কটা পেশাগত কৃত্রিমতার। কিন্তু কিছু দিন যাওয়ার পরই বুঝতে শুরু করেছি, পেশাগত সম্পর্কের বাইরে এখানেও একটা আত্মীয়তা হয়ে যায়। অত ভয় পাওয়ার কিছু নেই, বয়স কিংবা চাকরির অবস্থান ছাপিয়ে তৈরি হতে থাকে সুসম্পর্ক।’ শিক্ষাজীবনে সহপাঠীদের সঙ্গে আপনার প্রথম পরিচয়টা যেভাবে হয়েছে, তার সঙ্গে কর্মজীবনের ছবি মিলবে না অনেক ক্ষেত্রেই। আর এটাই স্বাভাবিক। কারণ কর্মক্ষেত্রে নিজের সমবয়সী কিংবা সমমনা সহকর্মী সবাই নাও হতে পারে। তাতে কী, সম্পর্ক আর মনের এই দূরত্ব ঘুচবেই। নিখাদ বন্ধুত্ব এখানেও সম্ভব, হয়তো কিছুটা সময় লাগবে, এই যা। চেষ্টা করুন নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। ভিন্ন ‘আমি’চাকরির শুরুতেই যে সমস্যাটি হয়, তা হলো নিজেকে ওই প্রতিষ্ঠানের অংশ মনে হয় না। মনে হয় যেন ভিনগ্রহের প্রাণী। এই সময়টিতেই জীবনে একটা বড় ধরনের ছন্দপতন হয়। শিক্ষাজীবনে অভ্যস্ত লাগামহীন জীবনধারায় টান পড়ে। মুক্ত জীবনের অনেকখানিই আটকা পড়ে একটি নতুন শৃঙ্খলায়। অজের ওয়ারল্যাস ব্রডব্যান্ড লিমিটেডের মানবসম্পদ নির্বাহী কাজী বুশরা ইব্রাহিমের চাকরির বয়স পাঁচ থেকে ছয় মাস। তিনি বলেন, ‘পুঁথিগত বিদ্যা আর কাজের জন্য জ্ঞান সব সময় এক হয় না। বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়টা নতুন করে শিখতে হয় কর্মক্ষেত্রে। সে রকমই কাজের চাপ সামলে ওঠার বাস্তবতাটাও ভিন্ন অনেক ক্ষেত্রেই। সেই সঙ্গে নতুন ধরনের দায়িত্ববোধের সঙ্গে পরিচয় হয় কর্মক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ের আমাদের দায়িত্ব পড়াশোনা, পরীক্ষা কিংবা অ্যাসাইনমেন্ট ঘিরে। জানতাম, দায়িত্বে অবহেলা করলে পিছিয়ে পড়ব আমি। তবে চাকরিক্ষেত্রে দায়িত্ববোধের সংজ্ঞা ভিন্ন মাত্রার।এখানে আমার সঙ্গে পুরো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত।’ ব্যাপার না...শুরুর দিকে মনে হতেই পারে, কেউ আপনাকে আপন করে নিচ্ছে না। সহকর্মীদের ছোটখাটো টিপ্পনী আপনার গায়ে বেশ জোরেশোরে লাগতে পারে। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো নিছক মজা করে করা। এ থেকে শুরুতেই কারও সঙ্গে দূরত্ব তৈরি করা ঠিক হবে না। যাঁরা বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতেই ‘র্যাগ’-এর মুখোমুখি হয়েছেন, তাঁদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই নয়। তবে মজা করার জন্য এমন অবস্থা বেশি দিন থাকে না। বরং এর মধ্য দিয়েই সবার সঙ্গে সহজ হওয়া যায়। তবে প্রথম কর্মক্ষেত্রে গিয়ে সেখানকার আচার, সংস্কৃতি বুঝতে একটু সমস্যা হতে পারে। কিংবা বিভিন্ন বিষয় বুঝে উঠতে সময় লাগবেই। এ ক্ষেত্রে সহকর্মীদের সহায়তা নেওয়াই ভালো। কিন্তু খেয়াল রাখতে হবে, সহযোগিতা চাওয়াটা যেন বিরক্তির পর্যায়ে না যায়। মানিয়ে নিন নিজেকেনতুন কর্মক্ষেত্রে শুরুর দিকে সবার আগে ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সাফল্য তো বটেই, টিকে থাকার জন্য এই মানিয়ে নেওয়াটা জরুরি।কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়া প্রসঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘প্রথম চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় শিক্ষার্থী-সুলভ মনোভাব থেকে নিজেকে হঠাত্ পেশাজীবী মনোভাবে মানিয়ে নিতে না পারা নিয়ে। কাজের বিভিন্ন ক্ষেত্রে প্রায়ই ছাত্রসুলভ ব্যাপার চলে আসে তখন। আর এ জন্যই এ সময়টায় একটু বেশি সতর্ক থাকতে হয়। চোখ-কান খোলা রেখে চারপাশটাকে ভালো করে পর্যবেক্ষণ করলে এসব তফাত্ চোখে পড়বেই। নতুন পরিবেশে সবার আগে চারপাশের মানুষজনকে বুঝতে এবং বোঝার চেষ্টা করতে হয়।’শোনা বেশিবলা কমকর্মজীবনের শুরু তো বটেই, নতুন কর্মক্ষেত্রে শুরুর দিকে খুব সাবধানে চলার পরামর্শ দেন ফিউচার লিডারের প্রধান নির্বাহী কাজী এম আহমেদ। তিনি বলেন, অফিসে নতুন লোকটার প্রতি সবার খেয়াল থাকে। আর আপনাকে নিয়ে সার্বিক ধারণাটা তখনই তৈরি হয়। এ সময়ে বুদ্ধি করে কৌশলে চলতে হবে। চাকরির প্রথম তিন মাস অন্তত অফিস সময়ের ১৫ থেকে ৩০ মিনিট আগে যেতে হবে এবং একটু দেরি করে অফিস থেকে বেরুতে হবে। কোনো আলোচনায় নিজের জ্ঞান জাহির করতে গিয়ে শুরুতে হুট করে কিছু বলার দরকার নেই। সময় নিয়ে একটু ভেবে-চিন্তে কথা বলতে হবে।কয়েক দিন পর্যবেক্ষণ করলে আপনিই বুঝতে পারবেন কে কী ধরনের মানুষ, কার সঙ্গে আপনার মিলবে কিংবা কার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। ওই প্রতিষ্ঠানে আপনার সহকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দলাদলি বা রাজনীতির মতো বিষয় থাকতেই পারে, সেটাও বুঝতে সময় লাগবে না আপনার। শুরুতেই এসব বিষয়ে নিজেকে জড়ানো ঠিক হবে না। বুদ্ধি করে এড়িয়ে চলতে হবে, এ নিয়ে আবার কারও সঙ্গে দূরত্ব তৈরি করাও যাবে না। প্রস্তুতি আগে থেকেইকর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়ার প্রস্তুতিটা শুরু হয় আসলে ছাত্রজীবনেই। এ ব্যাপারে প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের প্রধান ফেরদৌসী সুলতানা বলেন, পড়াশোনা আর কাজের ক্ষেত্র ভিন্ন জায়গা। এখানে আলাদা কিছু নিয়মানুবর্তিতা থাকে। এ ছাড়া কর্মক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গাটাও ভিন্ন। কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়ার শিক্ষাটা অনেকটা আজীবনের। চোখ-কান খোলা রেখে এ জন্য চারপাশ থেকে শিক্ষা নিতে হবে। তবে এর একটা বড় শিক্ষা হয় ছাত্রজীবনে। বিশ্ববিদ্যালয়জীবনে যারা ছাত্রাবাসে থাকে, অন্যের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বাস্তব অভ্যাস তাদের হয়ে যায়। এ ছাড়াও আচার-আচরণ, সংস্কৃতি, মূল্যবোধ, দায়িত্বসহ মানবিক গুণাবলিগুলো রপ্ত করার শ্রেষ্ঠ সময় ছাত্রজীবন। এ জন্য পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব খুব বেশি। পাঠ্যবইয়ের বাইরেও পড়তে হবে বিস্তর। কথা বলতে হবে মানুষের সঙ্গে। সর্বোপরি জানতে হবে চারপাশটাকে।