চাকরি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি ফিরে পাওয়ার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই ৯০০ কর্মকর্তা-কর্মচারী আজ শনিবার মানববন্ধন করেছেন। সকাল ১০টায় চাকরি রক্ষা কমিটির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নূরুল আমিন, সদস্যসচিব মিয়া হোসেন রানা, অফিসার্স সমিতির সভাপতি এনামুল করিম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদসহ ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা। অবিলম্বে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।মানববন্ধনে অংশ নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারী আরিফা আক্তার ও মিজানুর রহমান বলেন, ‘পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন নিয়ম মেনে আমাদের চাকরি দেওয়া হয়েছে। সুতরাং, আমাদের নিয়োগ বৈধ। এর পরও কেন চাকরিচ্যুত করা হলো, তা বোধগম্য নয়।’বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারী সৈয়দ আল ইয়াকুব, শফিকুল ইসলাম, এম এ মায়েজ, খোরশেদ আলম, বলেন, ‘সব ধরনের নিয়ম মেনে আমাদের চাকরি দেওয়া হয়েছে। সুতরাং, আমরা বৈধ চাকরি ফিরে পেতে চাই।’ তাঁরা আরও জানান, চাকরি হারালে ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হবে।এমএলএসএস দেলোয়ার হোসেন বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে গেছি, এসে দেখি চাকরি নেই। কী কারণে, তা জানি না।’ তিনি চাকরি ফিরে পাওয়ার দাবি জানান।এ ব্যাপারে চাকরি রক্ষা কমিটির সদস্যসচিব মিয়া হোসেন রানা বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটি মাত্র দাবি রয়েছে, আর তা হলো চাকরি ফিরে পাওয়া।’এই দাবিতে আগামীকাল গাজীপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ-অনশন কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত আফতাব আহমাদের সময়ে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া। শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ এবং ওই নিয়োগকে বৈধ ঘোষণা করেন।ওই রায়ের বিরুদ্ধে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ আবেদন করেন আ ক ম মোজাম্মেল হক। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৩ আগস্ট হাইকোর্ট তাঁদের চাকরিচ্যুতির নির্দেশ দেন।