চাকরি ফিরে পেলেন ২৪ জন উপপরিদর্শক
জোট সরকারের আমলে পুলিশের ২৪ জন উপপরিদর্শকের চাকরিচ্যুতির আদেশ বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আবদুল আওয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে।রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী সালাহউদ্দিন দোলন প্রথম আলোকে বলেন, আদালত চাকরিচ্যুত ওই ২৪ জনকে তাঁদের চাকরির ধারাবাহিকতা ও অন্যান্য সুবিধাধিসহ পুনবর্হালের নির্দেশ দিয়েছেন। তবে ইতিমধ্যে যাঁরা অবসরে গিয়েছেন, তাঁদের চাকরিচ্যুতির আদেশ থেকে ৫৭ বছর পর্যন্ত চাকরি ধরে নিয়ে সুবিধা দিতে বলা হয়ছে। জানা যায়, ২০০৩ সালে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে এ ২৪ জনকে চাকরিচ্যুত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে চাকরিচ্যুত উপপরিদর্শক মজিবুল হক চাকরিচ্যুত ওই ২৪ জনের পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২২ আগস্ট আদালত রুল জারি করেন। চাকরিচ্যুতি আদেশ কেন বাতিল করা হবে না তা ওই রুলে জানতে চাওয়া হয়। রুলের শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।