চাকরি ফিরে পেলেন ৮৫ নির্বাচন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর পর আজ সোমবার কাজে যোগ দিয়েছেন চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মূল্যায়ন পরীক্ষায় নিয়োগ বাতিল হওয়া ৮৫ জন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা। কাল মঙ্গলবার থেকে ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউটে তাঁদের প্রশিক্ষণ শুরু হবে। এর আগে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আদালতের রায় অনুযায়ী এবং ইসির এক প্রজ্ঞাপনে আজ তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের মামলার রায় এবং ২০১০ সালের ১১ মে কমিশনের ২৯৪তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৮৫ জন উপজেলা/থানা কর্মকর্তার শিক্ষানবিসকাল অবসানসংক্রান্ত ইসি সচিবালয়ের ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তারিখের প্রজ্ঞাপন বাতিল করে তাঁদের কর্মস্থলে নিয়োগ করা হলো।২০০৭ সালের ৫ সেপ্টেম্বর এই ৮৫ কর্মকর্তার চাকরি চলে যায়। এর পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপনে বলা হয়, তাঁরা ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৬ মে ২০১০ সাল পর্যন্ত অব্যাহতভাবে চাকরিতে কর্মরত ছিলেন বলে গণ্য হবেন। তাঁরা বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে ৩২০ জন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। দলীয় বিবেচনায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে তাঁদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বর্তমান নির্বাচন কমিশন। পরীক্ষায় অনুত্তীর্ণ ৮৫ জনের নিয়োগ বাতিল করা হলে তাঁরা আদালতের আশ্রয় হন।