চাকরি বাঁচল ফরিদ জাকারিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের লেখা না বলে ব্যবহারের অপরাধে সাংবাদিক ও কলাম লেখক ফরিদ জাকারিয়াকে চাকরিটা হারাতে হচ্ছে না। অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় এ যাত্রায় বেঁচে গেলেন তিনি। টাইম সাময়িকী ও সিএনএন ফরিদ জাকারিয়াকে স্বপদে বহাল রাখার কথা জানিয়েছে। আজ শুক্রবার হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানা গেছে।ফরিদ জাকারিয়া টাইম সাময়িকীর এডিটর অ্যাট লার্জ পদে কাজ করেন। টিভি চ্যানেল সিএনএনে তিনি একটি অনুষ্ঠানের উপস্থাপক এবং তাদের ব্লগের লেখক। টাইম সাময়িকীর পক্ষ থেকে জানানো হয়েছে, ফরিদ জাকারিয়ার লেখা আবার তারা প্রকাশ করবে এবং আগামী ৭ সেপ্টেম্বরের সংখ্যায় তাঁর কলাম অন্তর্ভুক্ত করা হবে। কারণ, টাইম কর্তৃপক্ষ মনে করে, ফরিদ অবশ্যই ভুল করেছেন এবং তবে সে ভুল ছিল অনিচ্ছাকৃত। আর এ জন্য ভুল স্বীকার করে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। এর আগে সূত্র উল্লেখ না করে অন্যের লেখা থেকে উদ্ধৃত করার জন্য ফরিদ জাকারিয়ার কলাম প্রকাশ এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টাইম কর্তৃপক্ষ।এদিকে সংবাদভিত্তিক চ্যানেল সিএনএনও ফরিদ জাকারিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ২৬ আগস্ট থেকে ফরিদ জাকারিয়ার ‘জিপিএস’ শো আবারও প্রচার শুরু করবে সিএনএন।এর আগে নিজের ভুল স্বীকার করে ১০ আগস্ট এক বিবৃতিতে ফরিদ জাকারিয়া জানিয়েছিলেন, ‘সাংবাদিকেরা অভিযোগ তুলেছেন, চলতি সপ্তাহে টাইম সাময়িকীতে প্রকাশিত আমার একটি নিবন্ধের কয়েকটি অনুচ্ছেদ গত ২৩ এপ্রিল জিল লেপোরের লেখা নিবন্ধের কয়েকটি অনুচ্ছেদের প্রায় হুবহু। এই অভিযোগ সঠিক। আমি ভয়াবহ ভুল করেছি।’ তিনি আরও বলেন, ‘এটা সম্পূর্ণ আমার ভুল। আমি জিল লেপোরের কাছে, টাইম সাময়িকীতে আমার সম্পাদকের কাছে এবং পাঠকের কাছে দুঃখ প্রকাশ করছি।’