প্রকল্পের অধীন পরিচালিত বরিশালসহ দেশের সাতটি পুলিশ হাসপাতাল দীর্ঘ ১৩ বছর পর রাজস্ব খাতে স্থানান্তর করা হলেও এর জনবল রাজস্ব খাতে নেওয়া হয়নি। ফলে ওই সাতটি পুলিশ হাসপাতালে কর্মরত ৪৩৮ কর্মকর্তা-কর্মচারী চাকরি হারানোর আতঙ্কের মধ্যে রয়েছেন।১৯৯৭ সালের ১ জুলাই ‘পুলিশ হাসপাতালসমূহ আধুনিকায়ন’ প্রকল্পের অধীন বরিশাল পুলিশ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। একই সঙ্গে ২৫০ শয্যাবিশিষ্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ৭৫ শয্যাবিশিষ্ট সারদা পুলিশ একাডেমি হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, খুলনা পুলিশ হাসপাতাল, রাজশাহী পুলিশ হাসপাতাল ও সিলেট পুলিশ হাসপাতালের শয্যা বাড়ানো হয়। ওইসব হাসপাতালের জন্য ৪৫৮ জন জনবল নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে বরিশাল হাসপাতালে একজন আবাসিক মেডিকেল অফিসার, ইমারজেন্সি মেডিকেল অফিসার, নার্স, বয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ ৫০ জন জনবল নিয়োগ দেওয়া হয়।২০০৫ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বরিশাল পুলিশ হাসপাতালসহ দেশের সাতটি হাসপাতালের সবার বেতন একযোগে বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন ওইসব স্থানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। ঠিকমতো বেতন না পাওয়ায় বরিশাল পুলিশ হাসপাতাল থেকে আবাসিক মেডিকেল অফিসারসহ ছয়জন এবং দেশের অন্য ছয়টি পুলিশ হাসপাতাল থেকে আরও ১৪ জন চাকরি ছেড়ে অন্যত্র চলে যায়। চিকিৎসক শূন্য থাকায় বরিশাল পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ সিভিল সার্জনের কাছ থেকে একজন চিকিৎসক এনে চিকিৎসাসেবা চালিয়ে আসছেন। তিনি সপ্তাহের তিন দিন সেখানে দায়িত্ব পালন করেন।বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য এবং তাঁদের পরিবারকে চিকিৎসাসেবা দিয়ে আসছে বরিশাল পুলিশ হাসপাতাল। এভাবে প্রকল্পের অধীন পরিচালিত দেশের বাকি ছয়টি পুলিশ হাসপাতালে কর্মরতরা তাঁদের কর্মকাণ্ড ভালোভাবে পরিচালিত করে আসছিল। বরিশাল পুলিশ হাসপাতালে কর্মরত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর ২০০৫ সালের ৩১ আগস্ট বরিশালসহ সাতটি হাসপাতালের জন্য ৬১২টি পদ সৃষ্টির প্রস্তাব সংস্থাপন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ২০০৬ সালের ২০ জুন ৪৮১টি পদে সম্মতি দিয়ে সংস্থাপন মন্ত্রণালয় ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে। অর্থ মন্ত্রণালয় কাটছাঁট করে ২২৬টি পদ অস্থায়ীভাবে সৃজনে সম্মতি দেয়।বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার পর তিনি ২০০৯ সালের আগস্ট মাসে অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহম্মদ তারেককে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে পুলিশ হাসপাতালের প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দিতে বলেন। আটটি কারণ উল্লেখ করে জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা সম্ভব নয় বলে তারা প্রতিবেদন জমা দেয়।দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সম্প্রতি ‘পুলিশ হাসপাতালসমূহ আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় দেশের সাতটি পুলিশ হাসপাতালকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। কিন্তু ওই প্রকল্পের অধীন চাকরিরত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে নেওয়া হয়নি। এ কারণে ওইসব হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে।প্রকল্প সূত্রে জানা গেছে, নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ওইসব হাসপাতালে জনবল নিয়োগ দেওয়া হবে। সে ক্ষেত্রে প্রকল্পের অধীন কর্মরতদেরও আবেদনের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে।এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার দেবব্রত ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘দেশের সাতটি হাসপাতালের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হচ্ছে। এ জন্য একজন ডিআইজিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’