পোশাকশিল্প কারখানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরসহ প্রায় সব কর্মক্ষেত্রেই নারী ব্যাপকভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু কর্মক্ষেত্রের নির্যাতনের ধরন ভিন্ন হওয়ায় নির্যাতনকারীর পরিচয় সব সময়ই গোপন থাকছে। পরীক্ষায় নম্বর কম পাওয়া বা চাকরি হারানোর ভয়ে নারীরা এ বিষয়ে কথাও বলতে পারেন না। এতে নারীর জীবনে আরও মারাত্মক প্রভাব পড়ছে।আজ শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন আয়োজিত ‘কর্মস্থলে নারীর যৌন হয়রানি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইভ টিজিংকে যৌন হয়রানির প্রাথমিক পর্যায় উল্লেখ করে তাঁরা বলেন, কর্মক্ষেত্রে প্রবেশের আগেই রাস্তাঘাটে নারী ইভ টিজিং ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে এটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সদস্য অধ্যাপক দিলারা চৌধুরী।সেমিনারের মূলপ্রবন্ধে উইমেন ফর উইমেনের প্রেসিডেন্ট সালমা খান বলেন, দেশের সাড়ে তিন কোটি যুবকের বেকারত্ব সমাজে ইভ টিজিং বা যৌন হয়রানির পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করছে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর প্রতি বৈষম্য ও দৃষ্টিভঙ্গি, শিক্ষা ক্ষেত্রে লৈঙ্গিক শিক্ষার অভাব, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত দুর্বলতা এবং আকাশ সংস্কৃতি ও পর্নোগ্রাফির সহজলভ্যতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, নারীর মানবাধিকার রক্ষায় সংবিধানে অনেক কথা বলা আছে। কিন্তু তা মানা হয় না। তিনি বলেন, আইন অপরাধকে কমিয়ে আনতে সহায়তা করে। যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায়টি সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী আইন হিসেবে সবাই মানতে বাধ্য। এ ছাড়া যৌন হয়রানি বিষয়ে সমিতির পক্ষ থেকে বিভিন্ন মামলা করে সরকারকে চাপের মধ্যে রাখা হচ্ছে। আগামী মাসের ৬ তারিখে এ বিষয়ে আরও কিছু নির্দেশনা পাওয়া যাবে।বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম বর্তমানে সমাজে যে মাত্রায় যৌন হয়রানির ঘটনা ঘটছে তাকে দুর্যোগের সঙ্গে তুলনা করে সবাইকে সম্মিলিতভাবে মোকাবিলা করার আহ্বান জানান। তিনি সমাজে নারীর যথাযথ মূল্যায়ন এবং গণমাধ্যমকে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।সেমিনারে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমা সিদ্দিকী, নাজমুন নেসা মাহাতাব, বিশ্ব ব্যাংকের জাতীয় পরামর্শক সেলিনা আক্তার জাহান ও ফেডারেশনের সভানেত্রী মনোয়ারা ইসলাম বক্তব্য দেন।