চাকরি হারালেন ৮২১ কর্মকর্তা কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৩ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার জরুরি সিন্ডিকেট সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজন নেই।২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারী চাকরি হারালেন। তাঁদের আজ রোববার থেকেই চাকরি অবসানের চিঠি দেওয়া শুরু হবে। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকায় বহুল আলোচিত ঘুপচি বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৩০ জন আপাতত চাকরি হারাচ্ছেন না।জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারী আজ থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন। চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিন গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি পূরণ না হলে কর্মসূচি অব্যাহতভাবে চলবে। এর পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বহুমুখী সংকটে ঘুরপাক খাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেওয়ার সিদ্ধান্তে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এখন মোট জনবল এক হাজার ৭৩৫ জন।২৩ আগস্ট হাইকোর্টের এক রায়ে এসব কর্মকর্তা-কর্মচারীকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই রায়ের অনুলিপি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। বিষয়টি এতটাই গুরুত্ব পায় যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ দেশের বাইরে অবস্থান করলেও অতি জরুরিভাবে সিন্ডিকেট সভা ডাকা হয়। রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আবাসিক কার্যালয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে সিন্ডিকেট সদস্যরা একমত হন।সভা শেষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের চলতি দায়িত্বে থাকা সহ-উপাচার্য ও সিন্ডিকেট সভার সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, ‘সভায় হাইকোর্টের রায় উপস্থাপন করা হয় এবং রায় অবহিত হওয়ার পর তা অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়।’ এ সময় রায়ের নির্দেশনার কিছু অংশ পড়ে শোনান তিনি। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে কি না, তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আগাম কিছু বলা ঠিক হবে না। সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য আফতাব আহমাদের সময়ে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। তাঁদের নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় প্রাধান্য পাওয়ার অভিযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মকানুন মেনে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান বলে ভুক্তভোগীরা দাবি করেন। তাঁরা বলেন, বিজ্ঞাপন দেখে ন্যূনতম যোগ্যতার মাপকাঠিতে তাঁরা আবেদন করেন। এরপর নিয়োগপ্রাপ্ত হন সিন্ডিকেটের মাধ্যমে। তাঁদের প্রায় সবাই পদোন্নতি পেয়েছেন এবং অর্ধযুগের বেশি চাকরি করছেন। ভুক্তভোগীরা আরও বলেন, নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়ম হলে তার দায়দায়িত্ব নিয়োগকর্তাদের। কিন্তু তাঁদের বদলে নিয়োগ পাওয়া ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিদায় করার বিষয়টি অমানবিক বলে তাঁরা মনে করছেন। কয়েকজন কর্মকর্তা আবেগাপ্লুত হয়ে জানান, এমন সময় তাঁদের চাকরিচ্যুত করা হলো যখন নতুন করে চাকরির আবেদন করারও সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাইরের কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁরা মনে করেন।