চট্টগ্রাম বন্দরে শ্রমিক অসন্তোষ বাড়ছে
চাকরিচ্যুত শ্রমিকদের নিয়োগের আশ্বাস দিয়ে বেকায়দায় কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দরে কাজের সুযোগ সৃষ্টি না করেই চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে দুই হাজার ৬০০ জনকে যাচাই-বাছাই করে চাকরিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তাঁদের নিয়োগ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে গঠিত একটি কমিটি যোগ্য শ্রমিকদের যাচাই-বাছাই করেছিল।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারের সময় ডক-শ্রমিক নিয়োগের কর্তৃত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। বিলুপ্ত করা হয় সরকারনিয়ন্ত্রিত শ্রমিক নিয়োগকারী সংস্থা ডক-শ্রমিক পরিচালনা বোর্ড। ফলে শ্রমিক নিয়োগের কোনো এখতিয়ার এখন বন্দরের হাতে নেই।বন্দর সূত্র জানায়, সংস্কার কর্মসূচি চলাকালে বন্দরের পণ্য ওঠানো-নামানোর দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ‘বার্থ অপারেটররা’ প্রয়োজনীয় শ্রমিক রেখে অন্যদের বিদায় করে দেয়। এসব শ্রমিক তাঁদের পাওনা নিয়ে বিদায়ও নিয়েছিলেন। কিন্তু মহাজোট ক্ষমতায় আসার কয়েক মাস পর আওয়ামী লীগ সমর্থিত ডক-শ্রমিকদের আটটি সংগঠনের জোট চট্টগ্রাম ডক-বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামে। এ জোট চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনপুষ্ট বলে জানা যায়।বার্থ অপারেটর সূত্রে জানা গেছে, সংস্কারের পর বন্দরের কাজে গতি সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তির কারণে বন্দরে শ্রমিক লাগছে কম। ফলে বাড়তি শ্রমিক নেওয়ার সুযোগ নেই। বার্থ অপারেটর শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ দুই হাজার ৬০০ শ্রমিককে কর্তৃপক্ষ জোর খাটিয়ে নিয়োগ দিতে পারে। কিন্তু এতে ক্ষতিই হবে। অতিরিক্ত শ্রমিক নিয়োগ হলে কর্মস্থলে ঝামেলা হবে, কাজের গতি কমবে।’ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘দুই হাজার ৬০০ শ্রমিক না হোক, অন্তত কিছু বাড়তি শ্রমিকের নিয়োগের ব্যবস্থা করার চেষ্টা করছি। এ নিয়ে আমি বার্থ অপারেটর ও শ্রমিকনেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসব।’শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের লাগাতার আন্দোলনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ফেডারেশনের আহ্বানে গত রোববার আট ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। ১২ এপ্রিল নতুন করে ১৬ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ফেডারেশন।নয় মাসে ১২ দফা অচল: বন্দরের হিসাবে দেখা যায়, গত নয় মাসে চট্টগ্রাম বন্দরে অন্তত ১২ দফা আংশিক বা পুরোপুরি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সমাবেশ, মানববন্ধন, অবরোধের মতো কর্মসূচির কারণে বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এবং আওয়ামী লীগের প্রথম ছয় মাসে সরকারি ছুটির বাইরে এক ঘণ্টার জন্যও বন্দর অচল হয়নি। জানা যায়, চট্টগ্রামের মেয়র কারাগার থেকে বেরিয়ে শ্রমিকদের নিয়ে কয়েক দফা সমাবেশ করেন এবং চাকরিচ্যুত শ্রমিকদের চাকরি ফিরে দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। এর পর থেকেই বন্দরে শ্রমিক আন্দোলন ধীরে ধীরে চাঙা হয়।সূত্রমতে, বন্দরে প্রথম অস্থিরতা শুরু হয় গত বছরের জুলাই মাসে। ওই মাসে তিনবার, সেপ্টেম্বর ও অক্টোবরে দুবার এবং নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পাঁচবার বন্দর আংশিক অথবা পুরোপুরি অচল হয়।অবশ্য চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ‘নৌপরিবহনমন্ত্রী আমাদের সঙ্গে শ্রমিক নিয়োগ এবং তাঁদের ভবিষ্যৎ কল্যাণের চুক্তি করেও সেটা মানছেন না। এ অবস্থায় শ্রমিকদের স্বার্থে আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই।’যেসব শ্রমিক পাওনা নিয়ে চলে গেছেন, তাঁদের আবার কেন ডেকে আনলেন—এমন প্রশ্নে গোলাম মোহাম্মদ বলেন, তাঁরা স্বেচ্ছায় যাননি, বন্দুকের নলের মুখে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁদের চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল।ব্যবহারকারীদের উদ্বেগ: কথায় কথায় বন্দর বন্ধের ঘটনাকে দেশের আমদানি-রপ্তানির জন্য অশনিসংকেত বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দর নিয়ে আমরা স্বস্তিতে ছিলাম। বন্দরের পরিস্থিতি এ রকম হলে জাহাজের অবস্থানকাল বেড়ে আমাদের উৎপাদন খরচ বাড়বে, বিদেশিদের কাছে সময়মতো রপ্তানি অর্ডার পাঠানো কষ্টকর হবে।’বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর আগের আড়াই বছরে যে সুনাম কুড়িয়েছে, শ্রম অসন্তোষের কারণে এখন তা নষ্ট হচ্ছে। শ্রমিক ধর্মঘটের জন্য জাহাজের সময়সূচি পাল্টে যাচ্ছে।