চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক সদ্য চাকরিচ্যুত লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার রমনা থানা ও চট্টগ্রামের আনোয়ারা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মগবাজারের ডাক্তারের গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে।জুলফিকার আলী সাংবাদিকদের বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। নিজের এ পরিণতির জন্য তিনি গণমাধ্যমকে দায়ী করেন। গ্রেপ্তারের পর গতকাল রাতেই তাঁকে চট্টগ্রামে নেওয়া হয়। আজ আদালতে তোলা হবে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ৩০ এপ্রিল রাতে ময়মনসিংহ সেনানিবাসের ফটক থেকে পালিয়ে যাওয়ার পর জুলফিকারকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে ভোরে মগবাজারে এক বন্ধুর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযান চালান মামলার তদন্ত কর্মকর্তা আবদুস সামাদ। রমনা থানার পুলিশ তাঁকে সহায়তা করে।সামাদ প্রথম আলোকে বলেন, আত্মগোপনের পর জুলফিকারের স্বজনদের খোঁজ করতে শুরু করেন তিনি। একপর্যায়ে জানতে পারেন, তৈরি পোশাক কারখানার এক মালিক তাঁর আত্মীয়। তাঁর বাসাতে তিনি থাকতে পারেন। পোশাক কারখানার মালিকের গাড়িচালকের মাধ্যমে মালিকের বাসা চিনে সেখানে অভিযান চালানো হয়।গতকাল সকালে রমনা থানা হেফাজতে জুলফিকার সাংবাদিকদের বলেন, ‘আমি ২২ বছর আর্মিতে সততার সঙ্গে চাকরি করেছি। আনফরচুনেটলি ওখানে একটা ঘটনা ঘটল। একটা মামলা হয়েছে। মামলা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা যেকোনো মানুষের জন্য হতে পারে। আমি মামলাটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে চাই। আপনাদের সহযোগিতা আমার দরকার। এই মিডিয়ার জন্য হয়তো আমার আজকের এই অবস্থা। হয়তো বা অনেকখানিই দায়ী। আপনারা দেখবেন, বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিন্তু আমার সাজা হয়ে গেছে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।’চাকরি চলে যাওয়ার পর কোথায় ছিলেন? জানতে চাইলে সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা বলেন, ‘ময়মনসিংহ থেকে সোজা মগবাজারে চলে আসি। এর পর থেকে সেখানেই ছিলাম।’ আপনি বলছেন কোনো অপরাধ করেননি, তা হলে সেনানিবাসে কেন পুলিশের হাতে ধরা দিলেন না? জবাবে বলেন, ‘আমাকে কর্তৃপক্ষ সে ব্যাপারে অবগত করেনি। তাই আমি আমার মতো চলে এসেছি।’ নিজের বাসায় না থেকে কেন আত্মগোপন করলেন? এ প্রশ্নের জবাব দেননি জুলফিকার।আপনি বলছেন, দরবারের টাকা আপনি লুট করেননি, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হলো কেন? জবাবে জুলফিকার বলেন, ‘আমি ব্যাটালিয়নের দায়িত্বে ছিলাম। স্বাভাবিকভাবে লুট হওয়ার দায়িত্ব আমার ওপর পড়েছে। কিন্তু আমি এর সঙ্গে জড়িত ছিলাম না।’তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে ডাকাতির মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র্যাব সদস্য ও দুজন র্যাবের সোর্স। আসামিরা হলেন, সদ্য চাকরিচ্যুত লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার, ফ্লাইট লে. শেখ মাহমুদুল হাসান, সুবেদার আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, এএসআই হাসানুজ্জামান, নায়েক জাহাঙ্গীর হোসেন, ল্যান্স নায়েক লিটন মিয়া, নায়েক সুমন চন্দ্র দে, সৈনিক আশরাফ উদ্দিন, ল্যান্স করপোরাল জসিম উদ্দিন, সোর্স দিদার উল ইসলাম ও আনোয়ার মিয়া।আসামিদের মধ্যে তরুণ কুমার, আবুল বাশার ও দিদারুল আলম আগেই গ্রেপ্তার হয়েছেন। তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরিচালকের গাড়িচালক হাসানুজ্জামান ও দেহরক্ষী ইব্রাহিম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। এঁদের জবানবন্দিতে জুলফিকার ও মাহমুদুল হাসানের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়ার পর তাঁদের গ্রেপ্তারের তৎপরতা শুরু করে পুলিশ।পুলিশ সূত্র জানায়, জুলফিকার ৩০ এপ্রিল সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। ওই দিন রাতে তাঁর কর্মস্থল আর্মি রিসার্চ ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড থেকে বের হয়ে তিনি আত্মগোপন করেন।