চাকরিচ্যুত ২৮ এসআইকে পুনর্বহালের নির্দেশ
বিগত জোট সরকারের আমলে চাকরিচ্যুত (বাধ্যতামূলক অবসর) পুলিশের ২৮ জন উপপরিদর্শককে (এসআই) চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে যাঁদের স্বাভাবিক অবসরের বয়সসীমা শেষ হয়ে গেছে, তাঁদের বাধ্যতামূলক অবসরের তারিখ থেকে ৫৭ বছর পূর্তি পর্যন্ত চাকরি বিবেচনা করে যাবতীয় সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন। জানা যায়, ২০০৩ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৮ জন উপপরিদর্শককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে চাকরিচ্যুত উপপরিদর্শক মো. শাহ আলম, সতেন্দ্র কুমার দাস ও আবদুল হাই গত বছর পৃথক তিনটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৪ ও ২৬ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর হাইকোর্ট পৃথক রুল জারি করেন। চাকরিচ্যুতের আদেশ কেন বেআইনি নয়, রুলে তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।আবেদনকারীদের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন দোলন মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী ওমর ফারুক ও আফসানা রশিদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।আবেদনকারীদের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন দোলন প্রথম আলোকে বলেন, ২৫ বছর পূর্তি হওয়ায় তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তাঁদের চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আদালত।