চাকরিচ্যুত ৮৪ উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরি ফিরে পেলেন
তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত ৮৪ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার আপিল মঞ্জুর করেছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। এর ফলে তাঁদের চাকরি ফিরে পেতে আর কোনো আইনি বাধা নেই।আজ সোমবার বিচারক গৌর গোপাল সাহার নেতৃত্বে তিন সদস্যের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।২০০৫ সালে ৩২৮ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শিক্ষানবিশকালীন চাকরি সন্তোষজনক না হওয়া মর্মে কোনো কারণ দর্শানো ছাড়াই ৮৪ জনকে চাকরিচ্যুত করা হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিচ্যুত ৮৪ জন কর্মকর্তা ২০০৭ ও ২০০৮ সালে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।প্রশাসনিক ট্রাইব্যুনাল ২০০৯ সালের ২৩ মার্চ এক রায়ে মামলা খারিজ করে দেন। ওই রায়ের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তারা চারটি আপিল মামলা করেন। আজ আপিল শুনানি শেষে প্রশাসনিক ট্রাইব্যুনাল আপিল মঞ্জুর করে আগের রায় বাতিল করে দেন।আপিলকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও সালাউদ্দিন দোলন। আর পিএসসির পক্ষে ছিলেন শফিকুল ইসলাম।সালাউদ্দিন দোলন পরে প্রথম আলোকে বলেন, চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে ৮৪ জনের আপিল মঞ্জুর করেছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। এ ছাড়া প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাতিল করে দেওয়ায় এই ৮৪ জনের চাকরি ফিরে পেতে আর কোনো আইনি বাধা নেই।