চাকরিচ্যুতদের আবেদন শুনানিতে বিব্রত চেম্বার বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে করা এক আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি। এখন পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এদিকে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।আদালত ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট হাইকোর্টের দেওয়া একটি রায়ের পরিপ্রেক্ষিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। তাঁরা ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে নিয়োগ পান। পরে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ে টাঙিয়ে দেওয়া হয়।আদালত সূত্র জানায়, চাকরিচ্যুত ব্যক্তিদের মধ্যে ২৭৮ জন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। গতকাল আবেদনটি শুনানির জন্য উত্থাপন করলে চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বিব্রতবোধ করেন।আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও নাসিরউদ্দিন অসীম। এ সময় অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং পুনর্বিবেচনা আবেদনকারীদের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন ও রেহান হোসেন উপস্থিত ছিলেন।আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে জানান, চেম্বার বিচারপতি বিব্রতবোধ করেছেন। এখন পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে।এম কে রহমান বলেন, চেম্বার বিচারপতি বিব্রতবোধ করে পরবর্তী প্রয়োজনীয় আদেশের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।তবে আইনজীবী রেহান হোসেন প্রথম আলোকে জানান, রায়ের বিরুদ্ধে ২৭৮ জনের আবেদন ছিল। চেম্বার বিচারপতি বলেছেন, আবেদন শুনবেন না, প্রধান বিচারপতির কাছে পাঠাবেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ওই সব কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া একটি রিট আবেদন করেন। শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়ে ওই নিয়োগ বৈধ ঘোষণা করেন।তবে ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২৩ আগস্ট হাইকোর্ট রায় দেন। এতে ওই সব জনবলকে কোনো রকম বিলম্ব ছাড়াই অপসারণের নির্দেশ দেন আদালত।কর্মসূচি অব্যাহত: কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গতকালও গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। চাকরি রক্ষা কমিটির সভাপতি নুরুল আমীনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনের আগের দুই দিনের মতো গতকালও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম খুব একটা হয়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। মূল ফটক বন্ধ রেখে ছোট ফটক খোলা রাখা হয়। খাতায় নাম-ঠিকানা লিখে বহিরাগত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হয়েছে। ক্যাম্পাসের ভেতর ও বাইরে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।বর্তমান পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্বে থাকা সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে। আমি শুধু রুটিন কাজ করে যাচ্ছি।’ সহ-উপাচার্য গতকাল রাজধানীর কয়েকটি কেন্দ্রে চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।