জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতি-সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি। চাকরিচ্যুত ২৭৯ জনের পক্ষে করা পৃথক দুটি লিভ টু আপিল আগামী ১৬ অক্টোবর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত নিয়োগ কার্যক্রম থেকে বিরত থাকতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী রফিক-উল হক, আবদুল মতিন খসরু ও নাসির উদ্দিন অসীম মামলা পরিচালনা করেন। গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হকের পক্ষে রেহান হোসেন ও আসমা আক্তার এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু মামলা পরিচালনা করেন। এ ব্যাপারে আইনজীবী রেহান হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট নিয়োগ অবৈধ ঘোষণা করেছিল। এ রায় স্থগিত চেয়ে করা দুটি আবেদন বিশেষ চেম্বার বিচারপতি নাকচ করে দিয়েছেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে ২৭৯ জনের পক্ষে করা পৃথক দুটি আবেদন চেম্বার বিচারপতি প্রত্যাখ্যান করেছেন। আগামী ১৬ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এ সময় পর্যন্ত নতুন করে নিয়োগ না দিতেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে।১৩ সেপ্টেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চাকরিচ্যুত ব্যক্তিদের করা একটি আবেদন শুনানিতে বিব্রত বোধ করেন। ওই দিনই পরবর্তী পদক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। আদালত ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট হাইকোর্টের দেওয়া একটি রায়ের পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া আট শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। তাঁরা ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে নিয়োগ পান। পরে চাকরিচ্যুতদের তালিকা বিশ্ববিদ্যালয়ে টানিয়ে দেওয়া হয়। এঁদের মধ্যে ২৭৯ জন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ওই সব কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া একটি রিট আবেদন করেন। শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দিয়ে ওই নিয়োগকে বৈধ ঘোষণা করেন। তবে ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২৩ আগস্ট হাইকোর্ট রায় দেন। এতে ওই সব জনবলকে কোনো রকম বিলম্ব ছাড়াই অপসারণের নির্দেশ দেন আদালত।