চাকরিচ্যুতদের নজরে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: বিডিআর বিদ্রোহের ঘটনায় যেসব কর্মকর্তা নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের জন্য বাহিনী কী করছে?রফিকুল ইসলাম: এ দায়িত্ব মূলত সেনাসদর পালন করেছে। আমার জানামতে, শহীদ সেনাপরিবারের সদস্যরা অনেক সহযোগিতা পেয়েছেন। এর মধ্যে আছে: প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রতি পরিবারের জন্য ১০ লাখ টাকা, সেনাপ্রধানের তহবিল থেকে পাঁচ লাখ টাকা, পারিবারিক নিরাপত্তা প্রকল্প থেকে আট লাখ টাকা, পারিবারিক পেনশন ৫০ থেকে ৬০ লাখ টাকা, প্রতি পরিবারের জন্য মিরপুর ডিওএইচএসে চার কাঠার প্লট, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য মাসিক ৪০ হাজার টাকা করে ১০ বছরের জন্য অনুদান। এ ছাড়া যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়েছে।প্রথম আলো: নিহত ব্যক্তিদের স্মরণে পিলখানার ভেতর একটি স্মৃতিসৌধ করার পরিকল্পনা ছিল।রফিকুল ইসলাম: এটা বিবেচনায় আছে। এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।প্রথম আলো: বিডিআর বিদ্রোহের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দুটি কমিটিই এ ধরনের ঘটনা রোধে এবং পুরো বাহিনীকে ঢেলে সাজাতে সুপারিশ করেছিল। এসব সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয়েছে?রফিকুল ইসলাম: কমিটির সুপারিশের অন্যতম দিক ছিল আইন প্রণয়ন। গত বছরের ৮ ডিসেম্বর জাতীয় সংসদে বর্ডার গার্ড বাংলাদেশ আইন পাস হয়। ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। এরপর আইনটি কার্যকর হয়। এরই মধ্যে বাহিনীর নাম, মনোগ্রাম, পোশাক, ব্যাজ পরিবর্তনের কাজ সম্পন্ন হয়েছে। এখন আইনের বিধি প্রণয়নের কাজ চলছে।প্রথম আলো: বাহিনী পুনর্গঠনের বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ। তার অগ্রগতি সম্পর্কে কিছু বলবেন?রফিকুল ইসলাম: পুনর্গঠনের সাংগঠনিক কাঠামোর অনুমোদন সংস্থাপন মন্ত্রণালয়ে বিবেচনাধীন। নতুন প্রস্তাবে একবারেই সবকিছুর অনুমোদন দেওয়া হবে না এবং দিলেও অবকাঠামো, জনবল, অর্থ, ভূমি অধিগ্রহণ— সবকিছু বিজিবি বা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দেওয়া সম্ভব নয়। আশা করা যায়, আগামী অর্থবছরে একটি অঞ্চল (চট্টগ্রাম), দু-একটি সেক্টর (কক্সবাজার ও ঠাকুরগাঁও) ও তিন-চারটি ব্যাটালিয়নের অনুমোদন পাওয়া যাবে।প্রথম আলো: বাকি সুপারিশ বাস্তবায়নে বাধাটা ঠিক কোথায়?রফিকুল ইসলাম: কিছু কিছু ক্ষেত্রে বাধা তো আছেই। জমি অধিগ্রহণ, অর্থের সংস্থান, সাংগঠনিক কাঠামো—এসব সময়সাপেক্ষ ব্যাপার। এত কম সময়ে সবকিছু করা কঠিন। তবে অভ্যন্তরীণ কিছু কাজ শেষ করা হয়েছে। যেমন—বাহিনীর পদোন্নতি নীতি পরিবর্তন, প্রশিক্ষণকে কার্যকর ও জুতসই করা এবং কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো হয়েছে।প্রথম আলো: বিডিআরের মতো অন্য বাহিনীর ভেতর বিদ্রোহ হলে তা মোকাবিলায় সরকারের কি কোনো প্রস্তুতি আছে?রফিকুল ইসলাম: বিডিআর বিদ্রোহে একটি অভিযোগ ছিল, গোয়েন্দা ব্যর্থতার বিষয়। জাতীয় পর্যায়ের তদন্ত কমিটির সুপারিশেও তা উল্লেখ করা হয়েছিল। ওই ঘটনার পর বর্তমানে বাহিনীর প্রতিটি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়েছে।পিলখানাসহ সব সেক্টর সদরে অস্ত্র ও গোলাবারুদ স্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। বর্ডার গার্ড সিকিউরিটি ইউনিটের (বিজিএসইউ) কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। এ ছাড়া দেশের প্রধানতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) এবং এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সঙ্গে সব সময় সমন্বয় করা হচ্ছে। উপরন্তু যেকোনো আকস্মিক ঘটনা মোকাবিলায় পরিকল্পনা নেওয়া হচ্ছে।প্রথম আলো: সব বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় গোয়েন্দা সেল গঠনের সুপারিশ ছিল, তার কী হলো?রফিকুল ইসলাম: হ্যাঁ, সেটাও বিবেচনায় আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সব বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় গোয়েন্দা সেল গঠন করার প্রস্তাব আছে। সরকার এটা বিবেচনা করছে। এ সেল সব বাহিনীর নিজস্ব গোয়েন্দা কার্যক্রমের বাইরে থেকে কাজ করবে। এটা নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রথম আলো: অধুনা বিডিআর ও নবগঠিত বিজিবির মধ্যে কোনো পার্থক্য আছে?রফিকুল ইসলাম: বিজিবি আইন অনুযায়ী সাংগঠনিক কাঠামোর পরিবর্তন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং অপরাধের মাত্রা অনুযায়ী উপযুক্ত শাস্তির বিধান রাখা হয়েছে। এ ছাড়া মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থাসহ অনেক যুগোপযোগী পরিবর্তন সাধিত হবে। নতুন আইন অনুযায়ী প্রস্তাবিত আঞ্চলিক সদর দপ্তরগুলো সীমান্তে অপরাধ দমন এবং সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে। সদর দপ্তর উচ্চপর্যায়ের উন্নয়ন ও পরিকল্পনা তৈরি করবে। আঞ্চলিক সদর দপ্তরগুলো বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) সীমান্ত সদর দপ্তরগুলোর বিপরীতে কার্যক্রম সমন্বয় করবে।প্রথম আলো: পিলখানায় জিজ্ঞাসাবাদের নামে জওয়ানদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আছে। দুজনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলাও করেছে। আপনার বক্তব্য কী?রফিকুল ইসলাম: না, নির্যাতনের অভিযোগ সত্য নয়। এটা আমার ভালো জানা নেই। যদি কোনো মামলা হয়ে থাকে, তাহলে আইন তার নিজস্ব গতিতেই চলবে।প্রথম আলো: অভিযোগ আছে, বিদ্রোহের মামলায় অনেক নিরীহ জওয়ানকেও আসামি করা হয়েছে...রফিকুল ইসলাম: নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মধ্য দিয়েই অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা সাক্ষ্য-প্রমাণের পরই বিধান অনুযায়ী তাঁদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে। ঢাকায় পিলখানায় অভিযুক্ত বিজিবির সদস্যসংখ্যা চার হাজার ৯৮। এখানে শুধু বিদ্রোহই সংঘটিত হয়নি, জঘন্যতম হত্যাকাণ্ড, সম্পদ, অস্ত্র, বিস্ফোরক লুট ইত্যাদি অপরাধ সংঘটিত হয়েছে। বিচারকাজ শুরুর আগে প্রায় দেড় বছর ধরে তদন্ত হয়েছে। এখন আদালতের সব কার্যক্রম সাংবাদিকেরা দেখতে পাচ্ছেন। ঢাকার বাইরে বিদ্রোহ হয়েছে প্রধানত সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে। কোনো বিওপিতে বিদ্রোহের ঘটনা ঘটেনি। কোনো কোনো ক্ষেত্রে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন এবং তাঁরা চাকরিও ফেরত পাবেন।প্রথম আলো: বিচার কার্যক্রম কি রাজনৈতিক প্রভাবমুক্ত হচ্ছে?রফিকুল ইসলাম: সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত। এমনকি বিদ্রোহে অভিযুক্ত বাহিনীর সদস্যদের মধ্যেও রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।প্রথম আলো: বিডিআর বা বিজিবি থেকে চাকরিচ্যুত ব্যক্তিরা একত্র হয়ে কিছু করতে পারে—এমন কোনো আশঙ্কা আছে কি?রফিকুল ইসলাম: অবশ্যই আছে। তার আলামতও পাওয়া যাচ্ছে। বিচার চলার সময় আমরা হুমকি পেয়েছি। আমি তো পরিচিত নম্বর ছাড়া ফোন ধরি না। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হুমকি দেওয়া হয়েছে। এক জওয়ানের আত্মীয় এ হুমকি দেন। বিচারের রায় ঘোষণা করার পর আমরা সেসব আসামির তালিকা সরকারকে জানিয়ে দিচ্ছি, যেন তাঁদের ব্যাপারে নজরদারি করা হয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জওয়ানদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি করার পরামর্শ দিয়েছি।প্রথম আলো: বর্ডার গার্ডকে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তেমনভাবে কাজে লাগানো যাচ্ছে না। কবে নাগাদ সেটা স্বাভাবিক হবে?রফিকুল ইসলাম: কাজ তো করছে। চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে বর্ডার গার্ডের সদস্যরা কাজ করেছেন। গত পৌরসভা নির্বাচনে ঢাকার বাইরে বিদ্রোহের বিচার শেষ হওয়ার কারণে মোট ৬৩টি পৌরসভায় ৬৮ প্লাটুন বর্ডার গার্ডের সদস্য দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদের হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে ১২ প্লাটুন বিজিবির সদস্য দায়িত্ব পালন করেন। বিদ্রোহের বিচার শেষ হলে ১৩, ২৪, ৩৬ ও ৪৪ ব্যাটালিয়ন অবলুপ্ত হবে। তখন বাইরে থেকে ইউনিট এনে এই ইউনিটগুলোকে প্রতিস্থাপন করা হবে। এতে সব স্বাভাবিক হয়ে যাবে।প্রথম আলো: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।রফিকুল ইসলাম: আপনাকেও।