চাকরিচ্যুতদের রিট নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি-সংক্রান্ত মূল রিটটি হাইকোর্টে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, ওই নিয়োগের বৈধতা নিয়ে করা রিট আবেদনটি ২২ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। এ সময় পর্যন্ত নিয়োগ ও চাকরিচ্যুতির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতেও বলা হয়েছে। ফলে এখন বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি করা হবে।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টে মূল রিট আবেদনটি পুনর্বিচারের জন্য পাঠিয়েছেন। আগামী ২২ জানুয়ারি মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ সময় পর্যন্ত নিয়োগ ও চাকরিচ্যুতির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আট শতাধিক কর্মকর্তা-কমচারী নিয়োগ পান। ওই সব কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া একটি রিট আবেদন করেন। ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দিয়ে নিয়োগকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।এ রায়ের বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টের অন্য একটি বেঞ্চে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। চূড়ান্ত শুনানি শেষে ২৩ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ে ওই সব জনবলকে কোনো রকম বিলম্ব ছাড়াই অপসারণের নির্দেশ দেওয়া হয়।দ্বিতীয় এই রায়ের বিরুদ্ধে চাকরিচ্যুত ৮০৭ জন পৃথক তিনটি আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) করেন। লিভ টু আপিলের শুনানি নিয়ে আদালত আজ আদেশের দিন ধার্য করেন।