চাকরিতে যোগ দিলেন সেই ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তা
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত সেই ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা গতকাল সোমবার আবার চাকরিতে যোগ দিয়েছেন। তাঁরা চাকরিচ্যুত থাকাকালীন বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।এ বিষয়ে ১৩ মে নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে পূর্বের চাকরিচ্যুতির প্রজ্ঞাপনটি বাতিল করা হয়। নতুন এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের ১১ মের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৮৫ জন নির্বাচন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার থেকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে উপজেলা পর্যায়ে গিয়ে তাঁরা কাজে যোগ দেবেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তা যত দিন চাকরিচ্যুত ছিলেন, তত দিন তাঁরা অব্যাহতভাবে চাকরিতে কর্মরত ছিলেন বলে গণ্য হবেন। এই সময়ের জন্য যাবতীয় বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা তাঁরা সরকারের কাছ থেকে পাবেন।কমিশন সূত্র জানায়, চাকরি ফিরে পাওয়ায় এসব কর্মকর্তার প্রত্যেকে বকেয়া বেতন-ভাতা বাবদ সরকারের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা করে পাবেন। তাঁরা প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে ২০০৯ সালের শেষ দিকে চাকরি ফিরে পান।নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এ কে এম সলিমুল্লাহ গতকাল জানান, কমিশন এই রায়ের বিরুদ্ধে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আপিল করলে আপিলের রায়ও কর্মকর্তাদের পক্ষে যায়। বিধান অনুযায়ী এই মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ থাকলেও যৌক্তিক ক্ষেত্র না থাকায় কমিশন আপিল না করার সিদ্ধান্ত নেয়।জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালে ৩২৮ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সে সময় আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে, রাজনৈতিক বিবেচনায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন অনুসন্ধানে এসব কর্মকর্তার অনেকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া যায়। এক-এগারোর পর ২০০৭ সালের ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে এসব কর্মকর্তার জন্য নতুন করে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। ওই পরীক্ষায় ৮৫ জন কর্মকর্তা অকৃতকার্য হলে ওই বছরের ৩ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের চাকরিচ্যুত করা হয়।