চাকরিনির্ভর শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার সবার জন্য সময়োপযোগী চাকরিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রে বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সবার জন্য সময়োপযোগী চাকরিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রে বৈচিত্র্য আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএসটিইউ), গোপালগঞ্জের ভর্তিপ্রক্রিয়ার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।কোনো জাতি শিক্ষা ছাড়া সমৃদ্ধি লাভ করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষার মানোন্নয়ন ও সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার উচ্চশিক্ষা গ্রহণ সহজ করতে এক হাজার কোটি টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছে।শেখ হাসিনা বলেন, ‘উচ্চশিক্ষার জন্য এই তহবিল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।’শেখ হাসিনা বলেন, উচ্চশিক্ষার পর্যায়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, যাতে সব শিক্ষার্থী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ লাভ করতে পারে।ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ব্যাংকিং, টেন্ডার এবং বিভিন্ন সেবার বিল পরিশোধসহ বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের এক নীরব বিপ্লব ঘটে গেছে।শেখ হাসিনা আক্ষেপ করে বলেন, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে গোপালগঞ্জ দীর্ঘদিন থেকে উচ্চশিক্ষার সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে ভারসাম্যমূলক শিক্ষা পদ্ধতির উন্নয়ন নিশ্চিত করা হবে।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়ার উদ্বোধন করেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল আলম খান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ নূরে আলম চৌধুরী লিটন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আগ্রহী প্রার্থীরা মুঠোফোন টেলিটক খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আজ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চারটি ফ্যাকাল্টিতে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। বাসস।