চাকরির জন্য সেরা ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে কিছু খুঁজছেন? কিংবা জানতে চাইছেন অজানা কোনো তথ্য? সাতপাঁচ না ভেবে চোখ রাখুন গুগলে। এই হলো সার্চ ইঞ্জিন গুগল। দুনিয়াজুড়ে কতশত মানুষই যে প্রতিদিন চোখ রাখছে এই সার্চ ইঞ্জিনে! জনপ্রিয়তার তুঙ্গে বললে অত্যুক্তি হয় না। শুধু কোনো কিছু খোঁজাখুঁজিতেই গুগলের এই জনপ্রিয়তা আটকে নেই। কদিন আগের এক জরিপ থেকে জানা গেছে, চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় ওই গুগলই সবার ওপরে। জরিপটি চালিয়েছিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাম নামের একটি প্রতিষ্ঠান। যেকোনো প্রতিষ্ঠানের উন্নয়ন ও চাকরিপ্রার্থীদের আকর্ষণ করার ব্যাপারে পরামর্শ দিয়ে সাহায্য করে ইউনিভার্সাম। ১০ হাজার ৩০৬ জনের ওপর জরিপটি চালিয়েছিল তারা। প্রত্যেকেই ছিলেন তরুণ চাকরিজীবী, যাঁদের অভিজ্ঞতা এক থেকে আট বছরের মধ্যে। এবং তাঁরা প্রতেক্যেই বিভিন্ন কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী। তাঁদের সবার হাতে ১৫০টি চাকরিদাতা প্রতিষ্ঠানের নামের তালিকা দেওয়া হয়েছিল। অবশ্যই বিশ্বের রাঘববোয়াল গোত্রের প্রতিষ্ঠানগুলোর নামই ছিল সেই তালিকায়।জরিপে ২৪ দশমিক ৭৯ শতাংশই গুগলে চাকরি করতে চেয়েছে। এরপর আছে অ্যাপল। জরিপে অংশগ্রহণকারীদের ১৩ দশমিক ৪৫ শতাংশ ভোট দিয়েছে এই প্রতিষ্ঠানটিকে। ৯ দশমিক ৪১ শতাংশের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট আছে ৪ নম্বরে, ভোট পড়েছে ৯ দশমিক ২৯। ৮ দশমিক ৮০ শতাংশের চোখে ৫ নম্বরে থাকা আমাজনই সেরা। তরুণ প্রজন্মের অনেকেই চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর কাজে আগ্রহী, ৮ দশমিক ৩১ শতাংশের ভোট পেয়ে তাই এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) আছে সেরা দশে। প্রতিষ্ঠানটির অবস্থান ৬ নম্বরে। মাইক্রোসফট আছে তার পরের স্থানে, ৭ নম্বরে। ৭ দশমিক ৬৬ শতাংশ সেখানে কাজ করতে আগ্রহী। ফের ওই চ্যালেঞ্জ ও রোমাঞ্চ, ৬ দশমিক ৩১ শতাংশের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি)। তরুণ প্রজন্ম বিজ্ঞানমনস্ক তো বটেই, প্রমাণ মেলে ৫ দশমিক ৭৫ শতাংশের ভোটে নাসার (ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) ৯ নম্বর স্থান দখলে। আর ১০ নম্বরে আছে টিচ ফর আমেরিকা। ৫ দশমিক ৬৮ শতাংশ ভোট দিয়েছে এতে। ইউনিভার্সামের প্রকল্প পরিচালক কাসিয়া ডু। তাঁর মতে, ভোক্তারা যে প্রতিষ্ঠানের ওপর সন্তুষ্ট, সেই প্রতিষ্ঠানটি চাকরিপ্রার্থীদের কাছেও সমান কাঙ্ক্ষিত। আর অর্থনৈতিকভাবে শক্ত-সমর্থ এবং চাকরির নিরাপত্তা আছে এমন প্রতিষ্ঠান তো প্রত্যেক চাকরিজীবীরই কাম্য। সানফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিষয়ে পড়ান অধ্যাপক জন সালিভান। জরিপের ফলাফলের সঙ্গে তাঁরও একই মত। আর দশটা প্রতিষ্ঠান থেকে কর্মীদের অনেক বেশি সুযোগ-সুবিধা দেয় বলেই গুগলের এই জনপ্রিয়তা বলে মনে করেন তিনি। গুগলের আউটরিচ প্রোগ্রামের পরিচালক ইয়োলানডা মঙ্গোলিনি বললেন তাঁদের সাফল্যের রহস্যের কথা, ‘কর্মীদের সঙ্গে সব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলি আমরা। এতে করে তাঁরা যে গুগলের মতো একটি প্রতিষ্ঠানের অংশ, এটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারেন।’ সরকারি এজেন্সি, যেমন নাসা, এফবিআই এবং সিআইএর মতো প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছে কাঙ্ক্ষিত হওয়ার কারণও বের করেছেন জরিপ পরিচালনাকারীরা। তাঁদের গবেষণায় দেখা গেছে, এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করলে বেতন-ভাতা নিয়ে চিন্তা করতে হয় না। পাশাপাশি এই চাকরিগুলোতে আছে রোমাঞ্চ। ক্যারিয়ার জার্নাল অবলম্বনে