চাকরির জন্য ২১ লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করলেন মতিয়ার
মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার মতিয়ার রহমান ওরফে সাজু ২১ জন প্রার্থীর চাকরির জন্য ২১ লাখ টাকা বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফার ভায়রা শফিউরকে দিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে গতকাল বৃহস্পতিবার তিনি এ তথ্য দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রংপুরের একটি বেসরকারি ব্যাংকের হিসাবে থাকা আট লাখ টাকা গতকাল জব্দ করেছে পুলিশ। মতিয়ার লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিয়ার আরও জানিয়েছেন, তিনি ২০০৭ সাল থেকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাঁশ উচ্চবিদ্যালয়ের গ্রেপ্তার হওয়া সহকারী শিক্ষক আনিসুর রহমানের হাত ধরে তিনি এই ব্যবসায় জড়িত হন।পুলিশ সুপার জানান, গত বুধবার লালমনিরহাট থেকে গ্রেপ্তার করা তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নওদাবাঁশ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান ও তাঁর ভাই আমজাদ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষক মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে মতিয়ারের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রংপুরের একটি বেসরকারি ব্যাংকে তাঁর হিসাবে থাকা আট লাখ টাকা জব্দ করে। এই টাকা ৪ ও ৫ জুলাই দুই কিস্তিতে রাজশাহী থেকে এক ব্যক্তি পাঠিয়েছেন। এ ছাড়া মতিয়ার প্রশ্নপত্র ফাঁসের দিন ৮ জুলাই ঘটনাস্থল ভিন্নজগতে ছিলেন। সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। রাজশাহী থেকে যে ব্যক্তি টাকা পাঠিয়েছেন, তাঁর নাম জানায়নি পুলিশ।পুলিশ সুপার সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এই প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে রংপুরের ছাত্রলীগের দুই নেতা জড়িত। এঁরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তারিক হাসান ওরফে তুহিন এবং রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুরাদ হোসেন। তাঁদের পুলিশ খুঁজছে।পুলিশ জানায়, আনিসুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, ২০০৭ সালে তাঁর ছোট ভাই গ্রেপ্তার হওয়া আমজাদের স্ত্রীর এক নিকটাত্মীয়ের চাকরির তদবির দিয়ে তিনি এই প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, এই প্রশ্নপত্র ফাঁসের বাণিজ্য প্রথমে পরীক্ষার্থী দিয়ে শুরু হয়। বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে এই পরীক্ষার্থীরাই ডিলারশিপ পায়। বিজি প্রেস ও পাবলিক সার্ভিস কমিশনের ছয়জনকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।