চাচা-ভাতিজি দুজনই থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন তাঁর চাচা আফসারউদ্দীন আহমদ।গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রত্যাহার না করায় তিনজন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। তিনি বলেছেন, আজ শুক্রবার সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।এ নির্বাচনে অপর প্রার্থী হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আসাদুল্লাহ বাদল। এই আসনের সাংসদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। তাঁর পদত্যাগের কারণে গত ৭ জুলাই আসনটি শূন্য ঘোষণা করা হয়। আর এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সিমিন হোসেনের চাচা এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী আফসার উদ্দীন আহমদ।তাই স্থানীয় লোকজন ৩০ সেপ্টেম্বরের এ ভোটকে ‘চাচা-ভাতিজির লড়াই’ হিসেবে আখ্যায়িত করছেন। একই পরিবারের দুই সদস্যের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আফসার উদ্দীনকে মনোনয়নপত্র প্রত্যাহার করাতে কয়েক দিন ধরে চেষ্টা করেছেন। চেষ্টা করা হয়েছে পারিবারিকভাবেও। তিনজন প্রার্থীই গতকাল নির্বাচনী এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। সিমিন হোসেন প্রথম আলোকে বলেন, তিনি সরাসরি রাজনীতিতে না থাকলেও সব সময় গাজীপুরবাসীর পাশে ছিলেন। তা ছাড়া তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। কাপাসিয়ার লোকজনের জন্য কাজ করেছেন। অন্যদিকে চাচা আফসার উদ্দীন প্রায় ১২ বছর কাপাসিয়াবাসী থেকে দূরে ছিলেন। তিনি মনে করেন, কাপাসিয়ার মানুষ তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর আফসার উদ্দীন বলেছেন, অতীতে সাংসদ ও প্রতিমন্ত্রী থাকার সময় তিনি কাপাসিয়ায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। তাঁর দাবি, উন্নয়নের স্বার্থে ভোটাররা তাঁকেই বেছে নেবেন। সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বলেন, ‘আমাকে দুর্বল প্রার্থী মনে করা হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায়, পচা শামুকেই পা কাটে।’