চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামুন হাওলাদার নামের এক যুবকের চাচাতো বোনকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত নীরব নামের এক বখাটে যুবক। ওই ঘটনার প্রতিবাদ করায় নীরবের সহযোগীরা মামুনকে পিটুনি দিয়ে গুরুতর আহত করে। চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার মামুনের মৃত্যু হয়।নিহত মামুনের চাচা নূর আলী জানান, তাঁর মেয়ে বর্ণমালা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে নীরব প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। উত্ত্যক্ত করার মাত্রা বেড়ে যাওয়ায় চলতি মাসে তাঁর মেয়ে দুটি পরীক্ষায় অংশ নিতে পারেনি। কয়েক দিন ধরে তাঁর স্ত্রী মেয়ের সঙ্গে স্কুলে আসা-যাওয়া করছেন। তিনি আরও জানান, যখনই তাঁর মেয়ে একা বাসা থেকে বের হতো, তখনই নীরব তাঁর সাঙ্গপাঙ্গসহ রাস্তায় দাঁড়িয়ে থাকত। বিষয়টি তিনি তাঁর ভাতিজা মামুনকে জানান।নিহত মামুনের ভাই মোহসীন হাওলাদার জানান, তাঁর চাচাতো বোনকে উত্ত্যক্ত করায় মামুন গত শনিবার নীরবকে শাসান। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। পরের দিন অর্থাত্ গত রোববার রাত নয়টার দিকে নীরব মুঠোফোনে মামুনকে কাজলা পেট্রলপাম্প এলাকায় যেতে বলে। কথা অনুযায়ী মামুন ও তাঁর বন্ধু আল-আমীন, শহিদুল, বাবুসহ কয়েকজন সেখানে যান।মোহসীন আরও জানান, মামুন কাজলা পৌঁছানোর পর নীরবের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে মামুনসহ ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে মামুনের ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায়। মামুনকে উদ্ধার করে প্রথমে শনির আখড়া এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে পান্থপথের স্পেশাল কেয়ার নামের একটি প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার বিকেলে মামুন মারা যান।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল পান্থপথের স্পেশাল কেয়ার নামের প্রতিষ্ঠান থেকে মামুনের লাশ এনে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মামুনের গুলিস্তান ভূগর্ভস্থ মার্কেটে এম এম টেলিকম নামের একটি মোবাইল ফোনসেট মেরামতের দোকান রয়েছে। তিনি নিজে ফোনসেট মেরামতের কাজ করতেন। তাঁর বাবার নাম আলী হোসেন হাওলাদার। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাশিরা গ্রামে। তিনি পরিবারের সঙ্গে ২২৫/১ দক্ষিণ কুতুবখালী এলাকায় থাকতেন। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে মামুন অষ্টম ছিলেন।এ ব্যাপারে নিহত মামুনের ভাই শাহ আলম বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ নীরবের ভাই সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে।