স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা (বিশেষত ছাত্রী) টিফিনের ফাঁকে বা ছুটির সময় বা প্রখর রোদে ক্লান্ত হয়ে প্রায়ই হাত বাড়িয়ে দেয় চাটনি বা ঝালমুড়ি বিক্রেতার কাছে। ভ্যানে করে চাটনি বিক্রেতারা কাচের বয়ামে যেসব চাটনি বিক্রি করে, তার মধ্যে চালতার চাটনি অন্যতম।বাংলাদেশ ও এর আশপাশের এলাকায় যে কয়টি ফলের উৎপত্তি হয়েছে চালতা এর অন্যতম। বুনোগাছ হিসেবেই গ্রামবাংলায় আমরা চালতা দেখে আসছি, তবে যত্ন করে যে লাগানো হয় না, তাও নয়। ফলসমেত চালতাগাছ দেখতে খুবই সুন্দর। সে জন্য বাগানেও চালতাগাছের সমাদর আছে।এটি একটি সুদৃশ্য পত্রমোচী বৃক্ষ। চালতার বৈজ্ঞানিক নাম Dellenia indica। গাছের উচ্চতা প্রায় ২০ মিটার। কাণ্ড নাতিদীর্ঘ, শাখা-প্রশাখা এলোমেলো এবং ওপরের দিকটা প্রায় গোলাকৃতি। ছায়াঘন ও প্রসারিত। বাকল লালচে, মসৃণ। পাতা দীর্ঘাকৃতির, ঘন-সবুজ, দৃঢ় শিরাবিন্যাসে অত্যন্ত তীক্ষভাবে চিহ্নিত ও খাঁজকাটা। পাতার আকৃতি ও বিন্যাসে চালতা রূপসী। পাতা দৈর্ঘ্যে ৩০ সেন্টিমিটার ও প্রস্থে ১২ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।চালতার বড় আকারের শ্বেতবর্ণের সুদৃশ্য ও সুগন্ধিযুক্ত ফুল বেশ আকর্ষণীয়। ফুল একক, প্রান্তীয় এবং অজস্র প্রাচুর্যে বিক্ষিপ্ত। ফুলের বৃতিই মূলত ফলে রূপান্তরিত হয়। পাপড়ি অত্যন্ত ক্ষণস্থায়ী এবং প্রস্ফুটনের দিনই ঝরে পড়ে। বৃতি ও দলের এ বিপরীতধর্মী বৈশিষ্ট্য তরুরাজ্যের আর কোথাও এত তীক্ষভাবে চিহ্নিত নয়। গাছের পরাগচক্রে অজস্র পরাগকেশরের সমাহার, এদের রং ম্লান হলুদ। তারকাকৃতি গর্ভমুণ্ড ২০টি গর্ভদণ্ডের প্রতীক। বৃতির সবুজ সজীবতা, দলের শুভ্রতা, হলুদ পরাগকেশরের সমাহার এবং তারকাকৃতি গর্ভমুণ্ড মিলে চালতা ফুল সৌন্দর্যমণ্ডিত।ফুলের মাংসল, পুরু বৃতাংশ স্থায়ীভাবে ফলের বেশির ভাগ অংশ ঢেকে থাকে বলে ফলটি একটু অদ্ভুত প্রকৃতির। ফলের আকৃতি প্রায় গোলাকার, রং সবুজ এবং স্বাদ টকমিষ্টি। ফলের ব্যাস ১০-১২ সেন্টিমিটার। বর্ষার প্রথম ভাগে ফুল ফোটে ও শরৎ-হেমন্তে ফল পাকে।চালতার আচার, চাটনি, জেলি খুবই মুখরোচক। বিভিন্ন প্রকার ব্যঞ্জনে বিশেষত চিংড়িমাছ সহযোগে টক রন্ধনের জন্য চালতা বেশ উপযোগী। চালতার শরবত সুস্বাদু। এ ছাড়া ফল শুষ্ক ও গুঁড়ো করে অন্যান্য খাদ্যদ্রব্যে মসলা হিসেবে ও স্বাদবর্ধক হিসেবে ব্যবহূত হয়।চালতা ফলের ভেতরে অনেক বীজ ও স্বচ্ছ শাঁস থাকে। শাঁস ভক্ষণযোগ্য হলেও সুস্বাদু নয়, এই শাঁস খুবই অম্লীয়।চালতার কাঠ দৃঢ় ও দীর্ঘস্থায়ী। জ্বালানি ছাড়াও নৌকা তৈরি ও বন্দুকের বাঁটে এটি ব্যবহার করা হয়। বাংলাদেশের পাহাড়ি এলাকায় আদিবাসীরা কাঁচাঘর তৈরিতে চালতার পাতা ছাউনি হিসেবে ব্যবহার করে থাকেন। গাছের বাকলের আঁশে দড়ি তৈরি করা যায়। কচি চালতার রস চিনি ও পানিসহ শরবত করে খেলে জ্বরের প্রকোপ কমে এবং কাশির উপশম হয়।খাদ্য-উপযোগী প্রতি ১০০ গ্রাম চালতায় আছে আমিষ ০.৮ গ্রাম, শ্বেতসার ১৩.৪ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, খনিজ লবণ ০.৮ গ্রাম, ক্যালসিয়াম ১৬ মিলিগ্রাম ও খাদ্যশক্তি ৫৯ কিলো ক্যালরি।বাংলাদেশের সব অঞ্চল চালতা চাষের উপযোগী। চালতা চাষে আলো-বাতাসের প্রয়োজন বেশি। সাধারণত বীজ থেকেই চালতার বংশবিস্তার হয়। তবে শাখা কলমেও এর বংশবিস্তার করা যায়। প্রতিটি গাছে বছরে ৬০-১০০ কেজি চালতার ফলন হয়। ফল হিসেবে, সবুজ বনায়ন হিসেবে এবং কাঠের ব্যবহারের জন্য চালতাগাছ লাগানো যায়। চালতাগাছ সাধারণত ৫০ বছর পর্যন্ত বাঁচে।লেখক: সহযোগী অধ্যাপকদিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর[email protected]