চাটমোহরে গণপিটুনিতে এক ডাকাত নিহত
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা-কাছিকাটা সড়কের কবরস্থান এলাকায় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার সময় এ ঘটনায় আহত নয়ন দাস (২৫) ডাকাতির কথা স্বীকার করেছেন।গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম সজীব (৩০)। তিনি গাজীপুরের তালতলার আমিরুল ইসলামের ছেলে। আর আহত নয়ন পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুরের সুভাষ দাসের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে একদল ডাকাত ছাইকোলা-কাছিকাটা এলাকায় একটি নছিমন থামালে চালক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেন। এতে গ্রামবাসী এগিয়ে আসে ও মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেওয়া হয়। এরপর গণপিটুনিতে সজীব নিহত ও নয়ন আহত হন। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ আহত নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন এ প্রতিবেদকের কাছে ডাকাতির কথা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া সঙ্গীদের কাছে অস্ত্র ছিল।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল জানান, তাঁরা ডাকাতি করতেই এসেছিলেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তাঁদের কাছ থেকে ১০ ইঞ্চির একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।