চাটমোহরে পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধ’, আটক ২
পাবনার চাটমোহর উপজেলায় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হাবিব ও হাবিবুল্লাহ নামের দুজনকে আটক করেছে। চাটমোহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চপল কান্তি সরকার বলেন, উপজেলার ইদিলপুর পালপাড়া গ্রামে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য একদল লোক অস্ত্রসহ অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোর সাড়ে চারটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পিছু হটে যেতে থাকলে পুলিশ তাদের ধাওয়া করে মেঘারপাড়া গ্রামের হাবিব (৩২) এবং আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের হাবিবুল্লাহ প্রামাণিক (৩০) নামের দুজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশে তৈরি শাটারগান (এলজি), লম্বা ছোরা ও দুটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ কনস্টেবল আ. মোতালেব (২৪) আহত হন। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।