চাটমোহরে শোলা শিল্পীদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবতা শিব হিমালয়কন্যা পার্বতীকে বিয়ে করবেন। তিনি বিয়েতে শ্বেতমুকুট পরতে ইচ্ছা পোষণ করলেন। দেবশিল্পী বিশ্বকর্মা তখন মুকুট তৈরির উপাদানের কথা ভাবতেই শিবের ইচ্ছায় এক ধরনের উদ্ভিদের জন্ম নিলো। সেটাই হলো শোলা (ভ্যাতে শোলা) গাছ। কিন্তু বিপত্তি হলো, বিশ্বকর্মা শোলার মতো নরম ও হালকা কিছু দিয়ে কাজ করতে অভ্যস্ত নন। তখন আবার শিবের ইচ্ছায় জলাশয়ে এক সুকুমার যুবকের আবির্ভাব ঘটল। তাকে আখ্যায়িত করা হলো মালাকার হিসেবে। এটা সনাতনধর্মীয় লোকাচার থেকে নেওয়া গল্পমাত্র। সেই মালাকার সম্প্রদায়ই শোলাশিল্পী হিসেবে পরিচিত।পরিবেশ-প্রতিবেশ বদলে যাওয়ায় শোলাশিল্পীদের চলছে এখন বড়ই দুর্দিন। শোলাশিল্পের সামগ্রীর ব্যবহার মূলত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায়। তাদের বারো মাসে তেরো পার্বণে, বিয়ের সময়, মুখে ভাতের মুকুট, মালা, দেব-দেবীর অলংকার, কপালি, কদম ফুল, মনসা পূজার পটসহ শোলার তৈরি বিচিত্র সব জিনিস অপরিহার্য। কিন্তু দিনবদলের পালায় বিল-জলাশয়গুলোতে আর শোলা মিলছে না আগের মতো। এ কারণে এই পেশার মানুষেরা বেকার হতে বসেছেন। অন্যদিকে অন্য পেশাতেও খাপখাওয়াতে পারছেন না তাঁরা। অর্ধাহারে-অনাহারে মানবেতর দিনাতিপাত করছেন শোলাশিল্পীরা।হিন্দুবধিঞ্চু জনপদ হিসেবে পরিচিত পাবনার চাটমোহরে একদা মালাকার সম্প্রদায়ের অনেক মানুষের বসবাস ছিল। পেশাসংকটে পড়ে তাঁরা অনেকেই দেশান্তরী হয়েছেন; অনেকে পেশা বদলে দেশের অন্যত্র চেলে গেছেন। পৌরসভার বালুচর মহল্লায় এখন মাত্র তিনটি পরিবার বসবাস করছে। পরিবারগুলোর কেউ এখন হয়েছেন রংমিস্ত্রি, আবার কেউ বিক্রি করছেন বরফ। শোলাশিল্পের একাল-সেকাল নিয়ে কথা হয় বালুচর মহল্লার মালাকার-দম্পতি ননী মালাকার ও গৌরী মালাকারের সঙ্গে।তাঁরা জানান, এ শোলাশিল্পের মূল উপাদান ভ্যাতে শোলা এখন আর বিল-জলাশয়ে জন্মায় না আগের মতো। বগুড়ার কৈল গ্রাম থেকে অনেক দামে এই শোলা কিনে আনতে হয়। এতে শোলাসামগ্রীর দাম বেশি পড়ে যায়। আর বেশি দাম হওয়ায় চাহিদাও কমে গেছে। এ কারণে আমরা জীবন চালাতে হিমশিম খাচ্ছি। পেশাও বদলাতে পারছি না।