চাটমোহরে সেলিম স্মৃতি ফুটবল ও এনপিএল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে সেলিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও ডিগ্রি কলেজ মাঠে এনপিএল ক্রিকেট টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে ৭ মে শুরু হয়েছে।এদিন বিকেলে সেলিম স্মৃতি ফুটবলের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আবদুল মান্নান ও এনপিএল ক্রিকেটের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন। এ সময় বালুচর মাঠে ফুটবল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মাহাতাব হোসেন ও প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান। খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত এ খেলায় আটটি দল অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় রংধনু যুব সংঘ ৫-১ গোলে লাউতিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন জহুরুল ইসলাম, আবদুল ছালাম ও আবদুল মালেক। অন্যদিকে ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ক্রিকেট খেলায় ব্যাট করতে নেমে মিউজিক জোন সীমিত ১৫ ওভারে ৪ উইকেটে ১৮০ রান করে। জবাবে নিউ ফ্রেন্ডস ক্লাব ১৪ ওভার ৫ বল খেলে ৬৮ রানে সবাই আউট হয়ে যায়। নারিকেলপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত এ খেলায় ১৬টি দল অংশ নিচ্ছে।