চাতালে ট্রাক্টর রাখার ‘অপরাধে’ কৃষক খুন
আজগরের চাতালে গতকাল বৃহস্পতিবার ট্রাক্টর রেখেছিলেন ওয়াজিউল্লাহ (৫৫)। এ নিয়ে আজগর তাঁকে আজ শুক্রবার অনেক গালাগাল দেন। তখন ওয়াজিউল্লাহ চাতালের নষ্ট হয়ে যাওয়া অংশ মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু তাতেও চাতাল নষ্ট হয়ে যাওয়ার কষ্ট ভুলতে পারছিলেন না আজগর! উত্তেজিত হয়ে ওয়াজিউল্লার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এ ঘটনায় আহত ওয়াজিউল্লাহকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে রংপুর শহরের মাহিগঞ্জ এলাকায়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওয়াজিউল্লাহর স্ত্রী নূরজাহান বেগমের দাবি, আজগর আলী লাঠি দিয়ে আঘাত করলে তাঁর স্বামী মারা যান। তবে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অভিযুক্ত আজগর আলীর বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তাঁর বাড়িতে তালা ঝুলছিল। তাঁরা পালিয়ে গেছেন বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াজিউল্লাহর লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।