আবু সাদাতের বয়স ৪৫। প্রায় ২০ বছর হলো তিনি ঢাকায় চানাচুর বিক্রি করছেন। এখন ধানমন্ডি লেকের আশপাশে চানাচুর বিক্রি করেন। বাড়ি কিশোরগঞ্জের নিকলী থানার টিকলহাটি গ্রামে। তিনি জানালেন, মগবাজার পেয়ারাবাগে নিকলীর হাজারখানেক লোক থাকেন। সবাই মেসে থেকে চানাচুর বিক্রি করেন। তাঁরা একই থানার ৩০ জন থাকেন এক ঘরে।আবু সাদাত বলেন, ‘আমরা ডোবার দেশের মানুষ, জমি-জিরাত পানির নিচে। নিকলী থানাডা এহন পানিতে ডুইব্যা আছে। কার্তিক মাসে ভাসব। কাম-কাইজ নাই। আমরা ঢাহা শহরে স্কুল-কলেজের মোড়ে খাড়াইলেই চানাচুর বিক্রি করতে পারি। আমাগো থানা নিকলীতে এহন দাঁড়ানির জায়গা নাই। চাইরদিকে পানি আর পানি। হেই পানির দ্যাশে কে খাইব চানাচুর? দ্যাখবেন, ঢাহা শহরত যত চানাচুরওয়ালা, এরার সবাই প্রায় নিকলীর। ছয় মাস নিকলী পানির নিচে থাহে, তহন আমরা ঢাহা শহরে থাহি।’পথেঘাটে ঘুরে সাদাত চানাচুর বিক্রি করেন। ঢাকা আসার পর থেকে আজ অবধি তিনি এই একটি কাজই করে যাচ্ছেন। চানাচুর বানাতে রোজ তাঁকে ৬০০ থেকে ৭০০ টাকার মালামাল কিনতে হয়। কিসে এত টাকা লাগে, সে কথা জানতে চাইলে তিনি এক লম্বা ফিরিস্তি ধরিয়ে দিলেন, চিঁড়া ভাজা এক কেজি ৬০ টাকা, ছোলাবুট দুই কেজি ১২০ টাকা, চানাচুর চার প্যাকেট, প্রতি প্যাকেট ৪৫ টাকা করে। বাদাম ৮০ টাকা কেজি, আড়াই কেজি লাগে। পেঁয়াজ দুই কেজি। সরিষার তেল ৪০০ গ্রাম ৪০ টাকা। ৩০০ গ্রাম কাঁচা মরিচ ৩০ টাকা, ২০ টাকার বিট লবণ। সাদাত বলেন, ‘স্বাদের চানাচুর বানাইতে হইলে সবার আগে চানাচুরটা ভালো হইতে হয়। কিন্তু আমি যেই চানাচুর দেই, হেই চানাচুর খুব একটা ভালো না। যে মেসে থাহি, হেই মহাজনেরতে আমাগো চানাচুর কিনতে হয়। এইডা দাসখত। বাইরের থাইক্যা কিনন যাইব না। তাইলে মহাজন ঘরে থাকতে দিব না। তা ছাড়া নগদ দাম দিতে হয় না। সকালে বাহিতে নিয়া যাই। রাইতে আইয়া টাকা বুঝাইয়া দেই। প্রত্যেকদিন লাভ থাহে ২০০-৩০০ টাকা।’সকালে বের হলে রাতে ফিরতে ১১টা বেজে যায়। অবসর কাটে টিভিতে খবর দেখে ও গান শুনে। সাদাত জানালেন, চানাচুরওয়ালারা সিনেমা দেখে আর গান শোনে বেশি। মান্না, শাকিব খান, মৌসুমী ও শাবনূরের সিনেমা বেশি পছন্দ সবার। আর মমতাজ, কাজল দেওয়ান, মনির খানের গান পছন্দ করেন তাঁরা। টেলিভিশন-সিনেমা দেখে ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে যায়। সকাল নয়টার আগে তাই ঘুম থেকে ওঠে না কেউই।আবু সাদাতের গ্রামের বাড়িতে মা আছেন। আশির ওপরে বয়স। তিনি ছাড়া পরিবারে তাঁর এক ভাই আছেন। সাদাত দুবার বিয়ে করেছেন। দুই বউই তাঁকে ছেড়ে চলে গেছেন। বাচ্চাকাচ্চা হয়নি। তিনি বলেন, ‘আমার দোষ আছে, বাচ্চা হয় না। আমার মা বউগুলারে সারা দিন গালমন্দ করত বাঞ্জা বইল্যা। মাঝেমধ্যে মারধোরও করত। মায়ের পিটা-পিটিতে বউগুলি ভাইগ্যা গেছে। আল্লার বিচার, এহন এই বুড়া বয়সে মারে রান্না কইরা খাইতে হয়।’