চান্দিনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুলসংলগ্ন বড়কামতা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। আহত লোকজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বিকেলে এই দুর্ঘটনা ঘটে।আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় প্রাইভেট ক্লিনিক, কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটায় এ দুর্ঘটনা ঘটে।রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখার সময় দুর্ঘটনায় নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুমিল্লার চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান (৩৫), বিলাস বাসের চালক চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া গ্রামের লোকমান হোসেন ভূঁইয়া (৪৫), একই বাসের হেলপার চাঁদপুরের শাহরাস্তির রমজান আলী (২৩), শাহরাস্তির সম্রাট (৩৮), চাঁদপুর সদরের রফিক (২৫), নোয়াখালীর সুধারামের দেবীপুর গ্রামের বাসিন্দা ও পপুলার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি পলাশ (৩০)। বাকি পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার ভূঁইয়া প্রথম আলোকে জানান, আজ বিকেল পৌনে চারটায় ওই স্থানে চাঁদপুর থেকে ঢাকাগামী বিলাস সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা আলবারাকা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আলবারাকা পরিবহনের বাসটি ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।পরে চান্দিনার প্রাইভেট মেডিকেল সেন্টারে একজন, কুুমিল্লা নেওয়ার পথে দুজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা যায়।দুর্ঘটনার কারণ সম্পর্কে ওসি মো. নুরুল আফছার ভূঁইয়া বলেন, মহাসড়কের উত্তর পাশের বড়কামতা এলাকা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠছিল। ওই সময় মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং মহাসড়কের পাশে পড়ে যায়। এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামছুল আলম প্রথম আলোকে বলেন, উভয় বাসের যাত্রীরাই মারাত্মক জখম হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।