চান্দিনায় দুটি বাসের সংঘর্ষে নিহত ১১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুলসংলগ্ন বড়কামতা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪০ জন। আহত যাত্রীদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় প্রাইভেট ক্লিনিক, কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: মোটরসাইকেল আরোহী চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের সিদ্দিকুর রহমান (৩৫), বিলাস পরিবহনের বাসের চালক চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া গ্রামের লোকমান হোসেন ভূঁইয়া (৪৫), তাঁর সহকারী চাঁদপুরের শাহরাস্তির রমজান আলী (২৩) ও সম্রাট (৩৮), চাঁদপুর সদরের রফিক (২৫), নোয়াখালীর সুধারামের দেবীপুর গ্রামের বাসিন্দা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি পলাশ (৩০)।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার ভূঁইয়া প্রথম আলোকে জানান, গতকাল বিকেল পৌনে চারটায় কাঠেরপুল এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী বিলাস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা আল বারাকা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার ব্যক্তি মারা যান। পরে চান্দিনার প্রাইভেট মেডিকেল সেন্টারে একজন, কুমিল্লা নেওয়ার পথে দুজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা যান। আল বারাকা পরিবহনের বাসটি ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ যাচ্ছিল।ওসি বলেন, মহাসড়কের উত্তর পাশের বড়কামতা এলাকা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠছিল। মোটরসাইকেলটি রক্ষা করতে গিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আহমেদ কবীর জানান, দুর্ঘটনায় আহত ১৭ জন এই কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হয়েছে। তারা হলো: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আকাশ (২), নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাংলাবাজার গ্রামের সুলু বেগম (৪০), চাঁদপুরের মতলব উপজেলার বহমি গ্রামের মামুন মিয়া (২৫), একই জেলার হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা গ্রামের সকিনা (৪০), ফরিদগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুল কালাম (৩০), কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের দুই বোন সুফিয়া বেগম (৩৫) ও হাসনু বেগম (২০), শ্রীমন্তপুর গ্রামের মাজেরুল ইসলাম (২২), কংগাই গ্রামের আমেনা আক্তার (২), দাউদকান্দির নগদি গ্রামের মন্টু মিয়া (৬০), চাঁদপুর সদরের রায়পুর গ্রামের মিজানুর রহমান (৪২), হাজীগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কোমতা গ্রামের ইকবাল হোসেন (৩০) এবং অজ্ঞাত পরিচয় পাঁচজন।চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামছুল আলম প্রথম আলোকে বলেন, দুটি বাসের যাত্রীরাই গুরুতর জখম হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।