চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এসে মহাসড়কের ডানপাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কুটুম্বপুর গ্রামের সফিউদ্দিন (৫২) ও আনোয়ারা বেগমের (৫০) মৃত্যু হয়। আজ দুপুর পৌনে একটার দিকে একই স্থানে ঢাকাগামী একটি বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের নাম জানা যায়নি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চান্দিনায় পৃথক দুর্ঘটনায় চারজন মারা গেছে। এর মধ্যে দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।