চান্দিনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলার বাসস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। হতাহতেরা সবাই অটোরিকশার যাত্রী। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন দেবীদ্বার উপজেলার উপজেলার প্রেমু গ্রামের আলমগীর হোসেনের মেয়ে শামীমা আক্তার চাঁদনী (২), বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের হাজি আজগর আলীর ছেলে জহিরুল ইসলাম (৪০) ও অজ্ঞাতনামা এক বৃদ্ধ।আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার জানান, মহাসড়কের কোরপাই থেকে অটোরিকশাটি চান্দিনা আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে।