চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার চান্দিনায় আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহত তিনজন হলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রিয়াসাত উল্লাহ (৬৫), তাঁর ভাগনে হাসান (২৫) ও চান্দিনার মাহফুজা আক্তার (৩০)।চান্দিনা থানার পুলিশ, আমতলী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী মাহফুজা আক্তার (৩০) ঘটনাস্থলেই মারা যান। তিনি চান্দিনা সদরের বাগুর গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী। আহত হন বাসের পাঁচজন যাত্রী। বাসটি হোমনা থেকে কুমিল্লায় যাচ্ছিল। আহত ব্যক্তিদের কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে মো. রিয়াসাত উল্লাহ ও তাঁর ভাগনে হাসান মারা যান। কুমিল্লার আমতলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসচালক পালিয়ে গেছেন।