চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার ঘোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম তাজুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি নোয়াখালীর সুধারাম থানায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে উপজেলার ঘোমতা এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাস ও চট্টগ্রামগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক তাজুল ইসলাম নিহত হন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও দুজন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কের ঘোমতা থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত ১৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।