চান্দিনায় ১৪৪ ধারা জারি, পাঁচটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
কুমিল্লার চান্দিনা পৌর এলাকায় একই স্থানে একই সময়ে বিএনপি ও যুবলীগের কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। একই সঙ্গে পৌর এলাকার পাঁচটি স্থানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানা গেছে।চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল আলম আজ দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, আজ বেলা দুইটায় চান্দিনা পৌরসভার মেয়র ও ১২ কাউন্সিলের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিল। উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে চান্দিনা পৌরসভা মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করে। কিন্তু একই সময়ে একই স্থানে চান্দিনা পৌরসভা যুবলীগ সম্মেলনের ডাক দেয়।এ অবস্থায় চান্দিনা উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় চান্দিনা পৌরসভা মাঠ, জেলা পরিষদ মিলনায়তন, চান্দিনা পাইলট হাইস্কুল খেলার মাঠ ও স্কুলসংলগ্ন মাঠ এবং চান্দিনা বাজারের প্রধান সড়কে ১৪৪ ধারা জারি করে।পরে চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি আজ বিকেলে কুমিল্লা শহরের বাদুরতলা এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজউদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা ২৭ মার্চ পৌর মাঠ ও মিলনায়তন ভাড়ার অনুমতি নিই। একই সঙ্গে ইউএনও ও থানার ওসির কাছ থেকেও অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু আমাদের কর্মসূচিকে বানচাল করার জন্যই পৌর যুবলীগ এই কর্মসূচি দিয়েছে। এতে আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।’পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেন বলেন, ‘আমরা পৌর মিলনায়তন বরাদ্দ নিয়েছি। অনেক আগেই আমরা প্রশাসন থেকে অনুমতি নিয়েছি।’চান্দিনা পৌরসভার মেয়র শাহ মো. আলমগীর খান বলেন, বিএনপিকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের লোকজন বাধা দেওয়ায় ওই অনুষ্ঠান হয়নি।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আফছার ভূঁইয়া বলেন, সংশ্লিষ্ট স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে ১৪৪ ধারা জারির প্রতিবাদে চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি সংবাদ সম্মেলন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।