চাপ থাকলেও কাজকে উপভোগ করছি
ম্যানেজার, কমার্শিয়াল ডিভিশন, রহিমআফরোজ সুপারস্টোরেজ লিমিটেডসাপ্লাই চেইনে আমাদের দেশের নারীরা তেমন আসেননি। তাই শুরু থেকেই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমি।’ বলেন রহিমআফরোজ সুপারস্টোরেস লিমিটেডের কমার্শিয়াল ডিভিশনের ম্যানেজার মালকা তারান্নুম। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলাম একটি মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ, বিজনেস কন্ট্রোল অ্যান্ড প্রকিউরমেন্ট পদে। সেখান থেকে যোগ দিই আরেকটি মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানে।এখানে আমার পদ ছিল এক্সিকিউটিভ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।এই প্রতিষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রেই বুঝিয়ে দেওয়া হয়েছিল, মেয়েরা সাপ্লাই চেইনের কাজ পারবে না। বিশেষ করে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। দেখা যেত একজন পুরুষ কর্মীকে যে কাজটির জন্য কিছুই বলা হচ্ছে না, একই কাজ কোনো মেয়ে করলে তাকে নানা ধরনের মন্তব্য শুনতে হতো। তখন থেকে মনের ভেতর একধরনের জেদ কাজ করে। মনে হয়েছিল দেখিয়ে দিই কিছু একটা করে। প্রয়োজনের তুলনায় অনেক বেশি কাজ করতাম। শেষে তাঁরা বলতে বাধ্য হয়েছিলেন যে আমি পেরেছি। ‘পরবর্তীকালে রহিমআফরোজে এসে যোগ দিই। এখানে কমার্শিয়াল ডিভিশনে কাজ শুরু করি। আমি আগোরার দশটি শাখার নন-ফুড ক্যাটাগরি নিয়ে কাজ করছি। সেসবের পরিকল্পনা এবং বিশ্লেষণ করে থাকি। কতটুকু জিনিস থাকবে, গ্রাহকের চাহিদা আছে কি না সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি। কাজের ক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই। যেকোনো সময় যেকোনো কাজের জন্য প্রস্তুত থাকতে হবে। চাপ থাকলেও কাজটাকে উপভোগ করছি। কাজের পরিবেশ মেয়েদের ক্যারিয়ারে একটি বড় বিষয়। সেটি নিশ্চিত করতে পারলেই যেকোনো মেয়ে সব ধরনের চ্যালেঞ্জিং পেশাকে বেছে নিতে পারবে। সততা, শৃঙ্খলা ও গুছিয়ে কাজ করার প্রবণতা মেয়েদের মধ্যে রয়েছে। সুযোগ পেলে তারা সেটিকে কাজে লাগাতে পারবে। বিশেষ করে সাপ্লাই চেইনে এই তিনটি গুণের খুব প্রয়োজন। এত দূর আসতে পেরেছি আমার মায়ের জন্য। সব ধরনের পরিস্থিতিতে তিনি আমাকে সহযোগিতা করেছেন। পরিবার পাশে না থাকলে কোনো মেয়েই এগিয়ে যেতে পারবে না। যোগ্যতা ও দক্ষতা দিয়ে পেশাতে আরও উচ্চপর্যায়ে যেতে চাই। সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।’সোনিয়া বশীর কবির, মালকা তারান্নুম ও ইশরাত জাহানের লেখা তিনটি লিখেছেন তৌহিদা শিরোপা