দুর্মূল্যের এই বাজারে সীমিত আয়ের একজন সাধারণ মানুষের মুখের হাসি ধরে রাখাই কঠিন। নিত্যদিনের জীবনযাপনে প্রতিনিয়ত চলে সাধ আর সাধ্যের টানাপোড়েন। এসব মানুষ খানিকটা স্বস্তি চায়। তাদের দাবি, বাজেট হোক বাজারবান্ধব। অর্থনীতিবিদেরা বলেই দিয়েছেন, মূল্যস্ফীতি সামলানোর কোনো জাদুমন্ত্র নেই। কিন্তু সাধারণ মানুষ অর্থমন্ত্রীর কাছে এখন জাদুই দেখতে চায়। মূল্যস্ফীতির অসহনীয় চাপ কমাতে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। কেবল তাহলেই বাড়বে ক্রয়ক্ষমতা। সুতরাং বাজেট হতে হবে বিনিয়োগবান্ধব। আবার খাদ্য আমদানি-নির্ভরতা কমাতে দেশের মধ্যেই বাড়াতে হবে খাদ্য উৎপাদন। এ জন্য অনেকে আবার বাজেটকে দেখতে চান কৃষকবান্ধব।নতুন সংকটের নাম এখন শেয়ারবাজার। শেয়ারবাজার ধসে হাজার হাজার বিনিয়োগকারী সর্বস্বান্ত। তাঁদের দাবি, বাজেটকে হতে হবে শেয়ারবাজার-বান্ধব। তারল্য-সংকট, ডলারের মূল্যবৃদ্ধি ও সুদের হার বাড়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা চান বাজেট হতে হবে তাঁদের জন্যই, বেসরকারি খাত-বান্ধব। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখন কার কথা শুনবেন? জার্মানির অর্থনীতিবিদ রুডিগার ডরন্বুশসহ অনেকেই গবেষণা করে দেখিয়েছেন যে, একটি সরকার জনপ্রিয়তা সবচেয়ে বেশি খোয়ায় মূল্যস্ফীতির কারণে। আবার শেয়ারবাজারের অসংখ্য ক্ষুদ্র বিনিয়োগকারী এবং বেসরকারি খাতের প্রভাবশালী ব্যবসায়ীদের চাপ তো আছেই। এর সঙ্গে বাড়ছে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের নড়বড়ে হওয়ার আশঙ্কা। কমছে প্রবাসী-আয়, আমদানি ব্যয় বেড়েই চলেছে, রপ্তানি নিয়েও দেখা দিয়েছে নতুন আশঙ্কা। অর্থমন্ত্রীর ওপর এখন ভেতর-বাইরের সব দিকের চাপ। এবারের বাজেট হবে মূলত সামাল দেওয়ার বাজেট, সমন্বয়ের বাজেট। অর্থমন্ত্রী যখন আজ বৃহস্পতিবার বাজেট দেওয়ার জন্য জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে প্রবেশ করবেন, তখন সম্ভবত ইতিহাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের পরেও অর্থনীতির সীমাহীন চাপগুলোই তাঁকে বেশি অস্বস্তিতে রাখবে। সদা হাস্যময় অর্থমন্ত্রী এই বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের মুখের হাসি কতখানি ধরে রাখতে পারবেন, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।এবারের বাজেট বাংলাদেশের ৪০তম। আর বর্তমান সরকারের তৃতীয়। অতীত অভিজ্ঞতা বলে, নির্বাচন ভাবনায় তৃতীয় বাজেট থেকেই শুরু হয় জনতুষ্টিমূলক কর্মসূচি নেওয়ার প্রবণতা। অর্থমন্ত্রীর ওপর এই চাপ তো আছেই, আরও আছে অসহায় মানুষকে টিকিয়ে রাখতে নানা ধরনের ভর্তুকি বাড়ানোর চাপ। খরচ করার এক শ একটা চাপের মধ্যেই অর্থমন্ত্রীকে তৈরি করতে হচ্ছে নতুন বাজেট। আর আয়ের রয়েছে হাতেগোনা কয়েকটি উৎস। আয় দিয়ে ব্যয় মিটছে না। ফলে অর্থমন্ত্রীকে নিতে হচ্ছে দেশি-বিদেশি ঋণ। সেই ঋণ নিয়েও আবার বিপত্তি। প্রতিশ্রুতির বৈদেশিক ঋণের বড় অংশই শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস ব্যাংকব্যবস্থা থেকে নিতে হচ্ছে বড় অঙ্কের ঋণ। এই অবস্থায় অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। অর্থমন্ত্রীর ওপর এ এক নতুন চাপ। দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে: নতুন অর্থবছরের নতুন বাজেটের আকার হতে পারে এক লাখ ৬৩ হাজার ৫৮০ কোটি টাকা। চলতি ২০১০-১১ অর্থবছরের মূল বাজেট এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা থেকে তা ৩১ হাজার ৪১০ কোটি টাকা বেশি। নতুন অর্থবছরের জন্য রাজস্ব বা অনুন্নয়ন বাজেট ধরা হতে পারে এক লাখ ১৮ হাজার ৩৮০ কোটি টাকা। রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর, এনবিআর-বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি থেকে এ অর্থ সংগ্রহ করা হবে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট ঠিক করা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে এডিপির মূল আকার ৩৮ হাজার ৫০০ কোটি টাকা থেকে তা সাত হাজার ৫০০ কোটি টাকা বেশি। আগামী বাজেটের মোট আকারের মধ্যে অনুদান বাদে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৪৫ হাজার ২০০ কোটি টাকা। চার হাজার ৯৪০ কোটি টাকা অনুদান পাওয়া যাবে বলে ধরা হচ্ছে। অনুদানসহ হিসাব করলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার কোটি টাকার কিছু বেশি। মোট বাজেট ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ২৭ হাজার ২১০ কোটি টাকা ঋণ নেবে। এই টাকার মধ্যে আবার ব্যাংক-ব্যবস্থা থেকে নেওয়া হবে ১৮ হাজার ৯৬০ কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি করে সংগ্রহ করা হবে আট হাজার ২৫০ কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক ঋণের পরিমাণ ধরা হচ্ছে ১৭ হাজার ৯৯০ কোটি টাকা। চলতি অর্থবছরে ব্যাংক-ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৬৮০ কোটি টাকা থাকলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১৭ হাজার ৫৭৮ কোটি টাকা করা হচ্ছে। অন্যদিকে সঞ্চয়পত্র বিক্রি করে আট হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংশোধন করে তা কমিয়ে করা হচ্ছে পাঁচ হাজার ৯১৯ কোটি টাকা। আগামী ২০১১-১২ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির প্রাক্কলন করা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছিল। পরে অবশ্য তা সংশোধন করে ৮ শতাংশ করা হয়। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের প্রাক্কলন করা হচ্ছে ৭ শতাংশ। চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ ধরা হয়েছিল। মোট পরিমাণ সাত লাখ ৮০ হাজার ২৯০ কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অবশ্য এরই মধ্যে জানিয়ে দিয়েছে, এ বছর জিডিপির প্রবৃদ্ধির হার অর্জিত হবে ৬ দশমিক ৬৬ শতাংশ। কী থাকছে বাজেটে: বিশাল আকারের বাজেট নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথা কমই। তাদের ভাবনায় আছে বাজারদর, শিক্ষা ও চিকিৎসার জন্য কম ব্যয়, পরিবহনে স্বল্প খরচ, ন্যূনতম কর ইত্যাদি। মূল্যস্ফীতি যতই বাড়ুক, গত দুটি বাজেটেই ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। প্রতিবারই নানা মহল থেকে সীমা বাড়ানোর চাপ দেওয়া হয়েছিল। মূল্যস্ফীতি সাড়ে ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় এবার আর নির্লিপ্ত থাকতে পারছেন না অর্থমন্ত্রী। করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৮০ হাজার টাকা করতে পারেন অর্থমন্ত্রী। তবে প্রবল চাপ থাকলেও করপোরেট কর হারের পরিমাণ আগের মতোই থাকছে। নতুন শিল্প-কারখানার জন্য কর অবকাশ সুবিধা বাড়িয়ে ২০১৩ সাল পর্যন্ত রাখার কথা অর্থমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন। আয় বাড়াতে নতুন অর্থবছরে করবহির্ভূত রাজস্বের ওপর বেশি গুরুত্ব দেবেন অর্থমন্ত্রী। এ জন্য বাড়বে বিভিন্ন ধরনের ফির হার। বহুল আলোচিত সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্মসূচির আবারও থাকছে নতুন বাজেটে। এ জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা আবারও থাকছে। মোবাইল ফোন কোম্পানিগুলোর দীর্ঘদিনের দাবি মেটাতে সিম কার্ডের কর ৮০০ টাকা থেকে কমিয়ে ৬০০ টাকা হতে পারে। দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে আরও একটি বাজেট দেওয়া হচ্ছে আজ। ৪০ বছর ধরেই সাধারণ মানুষের কথা বলেই বাজেট পেশ করে আসছেন অর্থমন্ত্রীরা। তার পরও সাধারণ মানুষ সাধারণই থেকে যাচ্ছে। নতুন বাজেট আরেকটি গতানুগতিক হিসাব মেলানোর বাজেট হবে, না মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে—সেটাই এখান দেখার বিষয়।