চাপের মুখে লাইসেন্স না দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও চাপের মুখে চালকদের লাইসেন্স না দেওয়ার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ছাড়া এ মন্ত্রণালয়ের বিষয়ে নৌপরিবহনমন্ত্রীকে কথাবার্তা না বলারও আহ্বান জানানো হয়।কমিটির সভায় বিরোধী দলের একমাত্র সদস্য নজরুল ইসলাম সড়কব্যবস্থার বেহাল অবস্থার জন্য যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ সময় মন্ত্রীও উপস্থিত ছিলেন।কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী ও গোলাম মাওলা রনি যোগ দেন। সভায় সড়ক ও মহাসড়কের সংস্কারকাজ অল্প সময়ের মধ্যে শেষ করে যাতায়াতের উপযোগী করার সুপারিশ করা হয়।সভায় মন্ত্রী সড়কের দুরবস্থার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, যোগাযোগ খাতে বর্তমান বেহাল অবস্থা এক দিনে হয়নি। বিগত সরকারও এ জন্য দায়ী। অর্থাভাবে এ সরকারের এই মন্ত্রীও যথাসময়ে সংস্কারকাজ করতে পারেননি। দু-তিন দিনের মধ্যে দেশের সর্বত্র সংস্কারকাজ শেষ হবে বলে দাবি করেন মন্ত্রী।বিরোধী দলের সদস্য নজরুল ইসলাম বলেন, সারা দেশে সড়ক-মহাসড়কগুলো ভেঙে চুরমার হয়েছে। এর দায় নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিত।তবে চলমান সংস্কারকাজে সন্তোষ প্রকাশ করে সভাপতি বলেন, এ কাজ অনেক আগে শুরু হওয়া উচিত ছিল। আগে শুরু হলে বিদ্যমান পরিস্থিতি সৃষ্টি হতো না।একাধিক সাংসদ চালকদের লাইসেন্স দেওয়া নিয়ে নৌমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। সভায় কারও সুপারিশ ও চাপের মুখে লাইসেন্স না দেওয়ার সুপারিশ করা হয়। নির্ধারিত মানদণ্ড মেনে চালকদের লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়।শেখ মুজিবুর রহমান জানান, বিগত জোট সরকারের সময় চাপের মুখে অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমান মেয়াদে এ ধরনের ঘটনা ঘটেনি।সভায় অবৈধ ড্রাইভিং লাইসেন্স বাতিল করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বলা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মুজিবুর রহমান সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীকে পদত্যাগ করার সুপারিশ কমিটি করেনি। কোনো মন্ত্রী যদি ঠিকমতো কাজ করতে না পারেন, তাহলে তাঁর পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রী দেখবেন।’এ সময় উপস্থিত নজরুল ইসলাম বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পর যোগাযোগ মন্ত্রণালয়ের ওপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে। সড়কের বেহাল অবস্থার জন্য যোগাযোগমন্ত্রী দায়ী। বৈঠকে আমি তাঁর পদত্যাগ দাবি করেছি।’এক প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, ‘সড়ক বিভাগে দুর্নীতি হচ্ছে না, এমন নয়। এসব দুর্নীতি তদন্ত করতে আগেই একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছিল।’সভায় জানানো হয়, বিআরটিএ এখন পর্যন্ত সোয়া দুই লাখ ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। এর মধ্যে মাত্র ৪২ হাজার লাইসেন্স বৈধ। বিভিন্ন সরকারের সময় বাকি অবৈধ লাইসেন্স দেওয়া হয়েছে। কমিটি বিআরটিএর কাছে জানতে চেয়েছে, কেন এসব লাইসেন্স দেওয়া হলো। আর অবৈধ লাইসেন্সগুলো কেন বাতিল করা হবে না, তা একটি পরিপত্রের মাধ্যমে কমিটিকে জানাতে বলা হয়।