চাপের মুখেও বিচার করতে পারছি, এটাই বড় পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে ট্রাইব্যুনাল কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ৪২ বছর পরও যে সাহসের সঙ্গে আমরা যুদ্ধাপরাধের বিচার করতে পেরেছি, এটাই জাতির সবচেয়ে বড় পাওয়া।’গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গত সোমবারের মতো গতকালও সংসদে ছিল না বিরোধী দল। এই দুই দিন বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী দেশে হরতাল ডেকেছে।যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল গোলাম আযম ও জামায়াতে ইসলামীকে দোষী সাব্যস্ত করেছে। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতেই আমরা সন্তুষ্ট। সাজা কী হবে, তা আদালতের বিষয়। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু সাজা যে হয়েছে তা আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল। ক্ষমতায় থাকতেই আমরা এ রায় কার্যকর করতে পারব।’প্রধানমন্ত্রী বলেন, অনেকেই আওয়ামী লীগকে দোষী করতে চাইছে। জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনেছিলেন। সামরিক অধ্যাদেশ দিয়ে তিনি যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দেন। গোলাম আযম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে আসেন। যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শাহ আজিজ, আবদুল আলীম ও আবদুল মান্নানকে মন্ত্রী করা হয়। দালাল আইনে সাজাপ্রাপ্তদের জিয়া মুক্ত করে দেন। সেই সময় জিয়ার সঙ্গে অনেকের দহরম-মহরম ছিল। তখন প্রতিবাদ করলে যুদ্ধাপরাধীদের বিচার করতে ৪২ বছর লাগত না।বিরোধীদলীয় নেতা ও বিএনপির সংসদে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করে সংসদ নেতা বলেন, গোলাম আযমের রায় শুনে জামায়াত যে হরতাল আহ্বান করেছে, তাতে বিএনপি সমর্থন দিয়ে সংসদে আসেনি। গোলাম আযমের প্রতি বিরোধীদলীয় নেতার যে সমর্থন, হরতালে সমর্থন দিয়ে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। ২০০১ সালের নির্বাচনের পর অনেক যুদ্ধাপরাধীকে তিনি মন্ত্রী করেছেন। তাই বিএনপি ও যুদ্ধাপরাধীদের সম্পর্কে দেশবাসীকে ভাবতে হবে, সজাগ থাকতে হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি নেত্রী হিন্দুদের বাড়িঘর, মন্দির ভেঙেছেন। বৌদ্ধদের মন্দির ভেঙেছেন। কানসাটে বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দেওয়াসহ তিনি পুলিশ ও মানুষ হত্যা করেছেন।শেখ হাসিনা বলেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করে। অথচ তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। জায়নামাজ পুড়িয়ে দেয়। কোরআন শরিফের পোড়ানো পাতা দেখে চোখে পানি এসে যায়। কোনো মুসলমান তা সহ্য করতে পারে না। কাবা শরিফের গিলাফ পরিবর্তনের ছবিকে সাঈদীর মুক্তির দাবির ছবি বলে তারা মানুষকে ধোঁকা দিতে চাইছে। হাইতির ভূমিকম্পের ছবিকে তারা গণহত্যা বলে অপপ্রচার করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘হল-মার্কের সৃষ্টি হাওয়া ভবনে। আর আমরা চোর ধরায় আমাদের চোর বানানো হচ্ছে। বিএনপি নেত্রীর ছেলে, ভাইয়ের কাছে ৯৮০ কোটি টাকা ব্যাংকের পাওনা আছে। অথচ সুদ-আসলসহ সেই টাকা মাফ করে দেওয়া হয়েছে। ফালু আর বাদলকে ধরলেই শেয়ারবাজারের লুটের টাকা পাওয়া যাবে।’হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাঁর মুখে নারী জাতি সম্পর্কে নোংরা কথা অত্যন্ত লজ্জার ও ঘৃণার। মেয়েরা চাকরি ও পড়াশোনা করতে পারবে না বললেও তাঁকে বিএনপি নেত্রী কীভাবে সমর্থন করেন? উনি যদি শফী সাহেবের তেঁতুল হতে চান, তাহলে বলার কিছু নেই। বিরোধীদলীয় নেত্রীকে আল্লামা শফীর সঙ্গ ছেড়ে নারী জাতির অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।শেখ হাসিনা বলেন, ‘এ দেশে কিছু গ্রুপ আছে, যারা সব সময় সরকারে থাকতে চায়। ছাত্রলীগ, যুবলীগও দল ভারী করতে তাদের দলে নিয়েছে। বিশ্বজিৎ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের আত্মীয়-স্বজন বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। এদের গ্রেপ্তার ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। অপরাধী যে-ই হোক, আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা অন্যায়কে প্রশ্রয় দিইনি, দেব না।’