চাভেজ কোমায় নেই
কিউবায় চিকিত্সাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের কোমায় থাকার গুজব নাকচ করে দিয়েছেন তাঁর বড় ভাই। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ক্যানসারের চিকিত্সা নিচ্ছেন চাভেজ। সেখানে তাঁর চতুর্থ দফায় অস্ত্রোপচার হয়েছে। এ কারণে ১০ জানুয়ারি আরেক দফায় শপথ গ্রহণের অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি তিনি। চাভেজের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিভিন্ন গুজব রয়েছে। এরই প্রেক্ষাপটে হাভানা সফর শেষে তাঁর ভাই অ্যাডান চাভেজ গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট কোমায় নেই। তাঁর শারীরিক অবস্থার প্রতিদিনই একটু একটু করে উন্নতি হচ্ছে।বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ও অন্যান্য জায়গায় এমন তথ্য ছড়ানো হয়েছে যে, ‘চাভেজ কোমায় আছেন এবং তাঁর পরিবারের সদস্যরা লাইফ সাপোর্টের যন্ত্রপাতি খুলে ফেলার বিষয়ে আলোচনা করছেন। এসব তথ্য পুরোপুরি মিথ্যা।’