চাভেজের ক্যানসার নিয়ে মন্তব্য করে চিকিত্সক পলাতক
এক অর্থে বলা যায়, একটি বড় ধরনের বোমা ফাটিয়েছেন ভেনেজুয়েলার চিকিত্সক সালভাদর নেভারিতি। মেক্সিকোর একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘চাভেজের ক্যানসার খুবই গুরুতর। তিনি আর মাত্র দুই বছর বাঁচবেন।’ ব্যস, এই বেফাঁস মন্তব্যের কারণেই দেশছাড়া হতে বাধ্য হয়েছেন নেভারিতি।নেভারিতির ওই সাক্ষাত্কার গত সোমবার প্রকাশিত হয়। সাক্ষাত্কারে তিনি দাবি করেন, প্রেসিডেন্টের পরিবার সূত্রে তাঁর কাছে তথ্য আছে, চাভেজ গুরুতর ক্যানসারে ভুগছেন। নেভারিতি বলেন, ‘প্রেসিডেন্টের আশপাশে অবস্থানকারীরা এমনকি প্রেসিডেন্ট নিজেও তাঁর অসুস্থতার পূর্ণমাত্রা সম্পর্কে অবগত নন। তাই আমি চিন্তিত।’ এ খবর প্রকাশিত হওয়ার পরপরই ভেনেজুয়েলাজুড়ে শুরু হয় তোলপাড়। দেশটির চিকিত্সকেরা জানান, এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর ভেনেজুয়েলার পুলিশ নেভারিতির দপ্তরে অভিযান চালায়। শেষে প্রাণভয়ে তিনি ভেনেজুয়েলা ছেড়ে পালিয়ে যান।জানা গেছে, পলাতক ওই চিকিত্সক প্রায় ১০ বছর আগে চাভেজের চিকিত্সা করেছেন। তিনি চাভেজের পরিবারের সদস্য ও চিকিত্সা দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।