চাভেজের দেহে সফল অস্ত্রোপচার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের দেহ থেকে ক্যানসার আক্রান্ত টিস্যু সফলভাবে অপসারণ করেছেন চিকিত্সকেরা। গতকাল মঙ্গলবার কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ছয় ঘণ্টা এই অস্ত্রোপচার চলে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বরাত দিয়ে আজ বুধবার বিবিসির অনলাইনে এ কথা জানানো হয়।গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে ভাইস প্রেসিডেন্ট মাদুরো জানান, চাভেজের অস্ত্রোপচার জটিল হলেও তা সফলভাবে সম্পন্ন হয়েছে।অস্ত্রোপচারের আগে হাভানায় চাভেজের সঙ্গে সাক্ষাত্ করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। পরে সাংবাদিকদের কাছে চাভেজের অস্ত্রোপচারটি খুব নাজুক বলে মন্তব্য করেন তিনি। কোরেয়া বলেন, ‘চাভেজ তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।’গত শুক্রবার ক্যানসারের চিকিত্সা শেষে কিউবা থেকে দেশে ফিরে যান চাভেজ। এর দুই দিন পর গত সোমবার জাতীয় পরিষদের অনুমতি সাপেক্ষে তিনি আবারও চিকিত্সার জন্য কিউবায় যান। কিউবা যাওয়ার আগে গত শনিবার এক ভাষণে নিজের শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন বলে মন্তব্য করে প্রথমবারের মতো তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন চাভেজ।২০১১ সালের জুন মাসে একটি ফোঁড়ায় অস্ত্রোপচারের সময় প্রথম চাভেজের দেহে ক্যানসার ধরা পড়ে। ক্যানসার নিরাময়ে এ পর্যন্ত তাঁর দেহে মোট চারবার অস্ত্রোপচার করা হয়েছে।