চাভেজের বেঁচে থাকা নিয়ে শঙ্কা
চাভেজের ক্যানসার-যুদ্ধ শেষ হতে চলেছে। আর কয়েক মাস পরেই মৃত্যুবরণ করতে পারেন তিনি। ৫৭ বছর বয়সী ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বেঁচে থাকা নিয়ে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে স্প্যানিশ পত্রিকা এবিসির এক প্রতিবেদনে। চিকিত্সকদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, কেমোথেরাপি ও রেডিয়েশন চিকিত্সার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্যানসার আক্রান্ত চাভেজের হাড়ে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। এ থেকে মুক্তি পেতে আফিমের নির্যাস থেকে তৈরি ‘অপিএইট’ নামে ওষুধ সেবন করছেন তিনি। এটি আফিমজাত ওষুধ মরফিনের চেয়েও শত গুণ বেশি কার্যকর। তাই শক্তিশালী এ ওষুধের কার্যকারিতায় যেকোনো মুহূর্তে বিকল হতে পারে চাভেজের শরীর। প্রতিবেদনে আরও বলা হয়, চাভেজ ‘রাবদোমিওসারকোমা’ নামে এক ধরনের ক্যানসারজনিত টিউমারে আক্রান্ত। এ টিউমারটি শরীরের অন্যস্থান থেকে সংক্রমণের মাধ্যমে ছড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে তিনি বায়োফসফনেট নামে ওষুধ খাচ্ছেন। তা ছাড়া রেডিয়েশন ও কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া দূর করতে অন্যান্য ওষুধের পাশাপাশি কোর্টিকস্টারয়েড সেবন করছেন তিনি। তবে এসবই ব্যবহার করা হচ্ছে কেবল রোগের ব্যাপকতা কমাতে, সারাতে নয়। এদিকে কিউবায় ক্যানসারের চিকিত্সা নেওয়া সত্ত্বেও গত শুক্রবার তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়ার জন্য জাতীয় নির্বাচনী পরিষদে নিবন্ধন নিয়েছেন চাভেজ। তৃতীয় মেয়াদে তাঁর এ প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা জাগিয়ে রাখছে সাম্প্রতিক জরিপগুলোও। তবে বিশ্বস্ত সূত্র ও চিকিত্সকদের শঙ্কা চলতি বছরের ৭ অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে চাভেজের অংশগ্রহণ হয়তো সম্ভব হবে না। জানা গেছে, কয়েক সপ্তাহ আগে ক্যানসার চিকিত্সায় উন্নতির কথা বলেছিলেন চাভেজ। তবে স্প্যানিশ পত্রিকা এবিসির মন্তব্যের মধ্য দিয়ে চাভেজের সুস্থতা নিয়ে নতুন শঙ্কা দেখা দিল।