চাভেজের শারীরিক অবস্থা স্থিতিশীল
কিউবায় চিকিত্সাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ আছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাস। গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কিউবার রাজধানী হাভানায় ক্যান্সারের অস্ত্রোপচার করতে যাওয়া চাভেজের চিকিত্সক ও আত্মীয়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। চিকিত্সকদের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। খবর দ্য হিন্দুর।ভিলেগাস বলেন, তাঁকে (চাভেজ) পর্যায়ক্রমে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি স্বাভাবিকভাবে সে চিকিত্সা গ্রহণ করতে পারছেন।ওই বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্বাভাবিক বললেও তাঁর চিকিত্সা সম্বন্ধে বিস্তারিত কিছু জানাননি ভিলেগাস। এর আগে ভেনেজুয়েলা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চাভেজের শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে।এদিকে চাভেজের স্বাস্থ্যের বিস্তারিত অবস্থা সম্বন্ধে জানানো হচ্ছে না বলে অভিযোগ করেছে ভেনেজুয়েলার ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ। দেশটির যাজকদের এক সম্মেলনে যাজক ডিয়েগো পারডন বলেন, সরকার জাতিকে পুরোপুরি সত্য তথ্য জানাচ্ছে না। তিনি আরও বলেন, চাভেজের আনুষ্ঠানিক শপথের আগে সরকার ও বিরোধী দলের পরস্পরবিরোধী অবস্থান দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।